ঘূর্ণিঝড়ের আশঙ্কা, দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস

নজর২৪ ডেস্ক- বঙ্গোপসাগরের আন্দামান দ্বীপপুঞ্জের কাছে একটি লঘুচাপ সৃষ্টির মতো পরিস্থিতি তৈরি হয়েছে। এটি নিম্নচাপে পরিণত হয়ে আগামী সপ্তাহে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

 

শনিবার (২৭ নভেম্বর) আবহাওয়াবিদ ওমর ফারুক সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, ডিসেম্বরের ৩ থেকে ৪ তারিখে নিম্নচাপটি ঘূর্ণিঝড় জাওয়াদে রূপ নিতে পারে। সৌদি আরবের আবহাওয়াবিদরা ঘূর্ণিঝড়টির এই নাম দিয়েছেন।

 

তিনি আরও জানান, ঘূর্ণিঝড়টি ভারতের ওডিশা উপকূলের দিকে যেতে পারে। বাংলাদেশের খুলনা–সাতক্ষীরা অঞ্চলে ঘূর্ণিঝড়ের প্রভাব পড়তে পারে। তবে নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হবে কি না, তা নিশ্চিত না। এটি নিশ্চিত হতে আরও দুই-একদিন সময় লাগবে।

 

এদিকে রাজধানীসহ দেশের বেশির ভাগ এলাকায় শীতের দাপট আরও বেড়েছে। আজ শনিবার ভোর থেকে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে তাপমাত্রা শৈত্যপ্রবাহের কাছাকাছি চলে যায়। তবে আবহাওয়ার পূর্বাভাস বলছে, আগামী দু–এক দিনের মধ্যে তাপমাত্রার এ চিত্র বদলে যেতে পারে।

 

আবহাওয়া অধিদপ্তর বলছে, চার দিন ধরে তাপমাত্রা দ্রুত কমতে শুরু করলেও আগামী দুই দিনের মধ্যে তাপমাত্রা আবার কিছুটা বাড়তে পারে। বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টির মতো পরিস্থিতি তৈরি হয়েছে। লঘুচাপটি নিম্নচাপে পরিণত হলে আকাশে মেঘের পরিমাণ বাড়তে পারে।

 

এদিকে শীত বাড়তে থাকায় দেশের বেশির ভাগ এলাকায় ভোরে শিশির আর রাতে কুয়াশা বাড়তে শুরু করেছে। বিশেষ করে নদীতীরবর্তী এলাকাগুলোতে কুয়াশা বেশি দেখা যাচ্ছে। রাজধানীসহ বড় শহরগুলোর তাপমাত্রা কমতে শুরু করায় নগরবাসী শীতবস্ত্র গায়ে জড়িয়ে বাইরে বের হতে শুরু করেছেন। বর্তমানে উত্তরাঞ্চল ও সিলেট বিভাগে শীতের দাপট বেশি রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *