বিনোদন ডেস্ক- বলিউড তারকা ক্যাটরিনা কাইফ ও ভিকি কুশলের বিয়ে নিয়ে বি-টাউনে আলোচনা চলছে বেশ কিছুদিন ধরে। বিভিন্ন খবরে প্রকাশ, ৯ ডিসেম্বর বিয়ের পিঁড়িতে বসছেন তাঁরা। বিয়ের ভেন্যু থেকে ক্যাটরিনার লেহেঙ্গা কেমন হবে, সেসব খবরও উঠে এসেছে পত্রিকার পাতায়। কিন্তু যাঁদের বিয়ে, তাঁরাই মুখে কুলুপ এঁটে আছেন।
এতে অবশ্য অবাক হওয়ার কিছু নেই। অনেক তারকা যুগলই কোনও ঘোষণা দেননি। কিন্তু গুঞ্জন সত্যি করে নির্দিষ্ট সময়েই বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন তাঁরা।
এমন গুঞ্জনের মধ্যেই ভিকক্যাটের ডিসেম্বরের বিয়ে নিয়ে মুখ খুললেন সুপারস্টার সালমান খানের বাবা, বিশিষ্ট চিত্রনাট্যকার, লেখক সেলিম খান। আর কে না জানেন, ক্যাটরিনা কাইফ একসময় বলিউড ভাইজানের প্রেমিকা ছিলেন।
দৈনিক ভাস্করকে উদ্ধৃত করে বলিউড বাবলের খবর, বিয়ে হচ্ছে না কি হচ্ছে না, এমন প্রশ্ন রাখা হলে সেলিম খান বলেন, ‘এ সম্পর্কে (আমার) কী বলা উচিত, যেহেতু মিডিয়ায় কেবল এ ধরনের বিষয়গুলো নিয়ে কথাবার্তা চলছে।’
একই দৈনিকে দেওয়া সাক্ষাৎকারে ভিকির বোন উপাসনা বোহরা বলেন, এ শুধুই গুঞ্জন এবং বিয়ে হচ্ছে না।
উপাসনার ভাষ্যে, ‘বিয়ের প্রস্তুতি থেকে দিনক্ষণ পর্যন্ত সব গুঞ্জনই মিডিয়া ছড়িয়েছে। বিয়ে হচ্ছে না। যদি এমন কিছু হতো, তারা ঘোষণা দিত। বলিউডে এমন গুজব প্রায়ই রটে এবং পরে তা চুপসে যায়। এর সবই ক্ষণস্থায়ী গুঞ্জন। সম্প্রতি আমার ভাইয়ের সঙ্গে কথা বলেছি। এমন কিছুই হচ্ছে না। এ ইস্যুতে আমি আর কথা বাড়াতে চাই না। কিন্তু এ মুহূর্তে বিয়ে হচ্ছে না।’
পত্রপত্রিকার খবর, ভিকি কুশল ও ক্যাটরিনা কাইফ ডিসেম্বরের ৯ তারিখ বিয়ের পিঁড়িতে বসবেন। রাজস্থানের একটি ঐতিহাসিক প্রাসাদে অনুষ্ঠিত হবে বিয়ে। সেখানে থাকবেন কেবল পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুরা। বিয়ের আয়োজন গোপন রাখতে অনুষ্ঠানে অতিথিদের ক্যামেরা নিষিদ্ধ রাখা হচ্ছে।
ইতোমধ্যে বিয়ের সাজসজ্জার পরিকল্পনাও নাকি সেরে ফেলেছেন ভিকি-ক্যাটরিনা। মেহেদী অনুষ্ঠানের জন্য রাজস্থানের বিশেষ এক ধরণের মেহেদী আনাচ্ছেন তিনি। যেটার দাম লাখ টাকা। এছাড়া বিয়ের অনুষ্ঠানে কী পরবেন, কেমন সাজবেন, সেসবও নাকি চূড়ান্ত।
কিন্তু এর মধ্যে ভিকির বোনের বিস্ফোরক তথ্য যেন সব কিছু এলোমেলো করে দিচ্ছে। যদিও অনেকের মতে, বিয়ে নিয়ে যাতে বেশি মাতামাতি না হয়, সেজন্যই এ কৌশল অবলম্বন করছেন তারা। তবুও বিষয়টা সময়ের হাতে ছেড়ে দেওয়া যাক। আকাশে চাঁদ উঠলে যেমন ঢোল পিটিয়ে জানানো লাগে না, তেমনি তাদের চার হাত এক হলেও ঠিকই জেনে যাবে সবাই।
