নজর২৪ ডেস্ক- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৪২তম ব্যাচের ‘র্যাগ-৪২’ (শিক্ষা সমাপণী উৎসব) এর অন্যতম অনুসঙ্গ রাজা-রানি নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে রাজা পদে সিফাত আল রাব্বানী ও রানী পদে ফারহানা রহমান শোভা নির্বাচিত হয়েছেন।
শুক্রবার ভোটগ্রহণ শেষে মধ্যরাতে প্রধান নির্বাচন কমিশনার আবু তাহের নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।
নির্বাচন কমিশনার জানান, নির্বাচনে রাজা ও রানী পদে মোট ১৭০২টি ভোট কাস্ট হয়েছে। নির্বাচনে রাজা পদে দুইজন প্রতিদ্বন্দ্বীর মধ্যে প্রাণিবিদ্যা বিভাগের সিফাত আল রাব্বানি সর্বোচ্চ ৪৮৮ ভোট পেয়ে রাজা নির্বাচিত হয়েছেন।
অন্যদিকে রানী পদে দুইজন প্রতিদ্বন্দ্বীর মধ্যে প্রত্নতত্ত্ব বিভাগের শিক্ষার্থী ফারহানা রহমান শোভা সর্বোচ্চ ৫০৪ ভোট পেয়ে রানী নির্বাচিত হয়েছেন।
র্যাগ-৪২ এর কনভেনার ইসমাইল হোসেন জানান, র্যাগের মূল অনুষ্ঠান হবে আগামী ২৩, ২৪ ও ২৫ ডিসেম্বর।
উল্লেখ্য, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বড় অনুষ্ঠানগুলোর মধ্যে অন্যতম র্যাগ-ডে। বিদায়ী শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় জীবনের শেষ দিনটিকে স্মরণীয় করে রাখতে এই র্যাগ-ডে উৎযাপন করে থাকে।
রীতি অনুযায়ী র্যাগ-ডে উৎসব পালন করতে একজন রাজা ও একজন রানি নির্বাচন করতে হয়। এজন্য দিনব্যাপী চলে ভোট গ্রহণ। ভোট শেষে প্রাপ্ত ফলাফল অনুযায়ী রাজা ও রানি নির্বাচিত হন।
