জাহাঙ্গীরের বাড়ি সুনসান, ভিড় এখন কিরণের বাড়িতে

নজর২৪ ডেস্ক- আওয়ামী লীগে দলীয় পদের পাশাপাশি সিটি করপোরেশনের মেয়র পদ হারানোর পর জাহাঙ্গীর আলম এখন অনেকটাই একা। দীর্ঘ বছরের সঙ্গীরা এড়িয়ে চলছেন; বছরের পর বছর ধরে গমগম করা বাড়ি এখন খাঁ খাঁ।

 

অন্যদিকে জাহাঙ্গীরের পতনের পর ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব পাওয়া প্যানেল মেয়র আসাদুর রহমান কিরণের বাড়ি এখন লোকে লোকারণ্য।

 

কাউন্সিলর কিরণ সিটি করপোরেশনের আগের মেয়াদেও আড়াই বছরের মতো মেয়রের দায়িত্ব পালন করেছিলেন। ২০১৩ সালে বিএনপির মেয়র এম এ মান্নান ফৌজদারি মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে যাওয়ার পর তখনও দায়িত্বভার এসে পড়ে কিরণের হাতে। এবারও তাই হয়েছে।

 

বৃহস্পতিবার বিকেলে যখন জাহাঙ্গীরকে মেয়র পদ থেকে বরখাস্তের আর কিরণকে এক নম্বরে রেখে প্যানেল মেয়র গঠনের সিদ্ধান্ত আসে, তখন কিরণ ঢাকার সচিবালয়ে। তিনি এলাকায় ফেরার আগে আগে তার নিজ এলাকা টঙ্গীতে শুরু হয়ে যায় আনন্দ মিছিল, মিষ্টি বিতরণ। টঙ্গীতে বাসভবনের সামনে জড়ো হতে থাকেন নেতা-কর্মীরা।

 

ঢাকঢোল পিটিয়ে নেচে-গেয়ে, আতশবাজি ফুটিয়ে উল্লাসে মেতে ওঠেন কিরণের সমর্থকরা। আর এর বৃহৎ একটি অংশ জাহাঙ্গীরবিরোধী।

 

পুরো বিপরীত চিত্র জাহাঙ্গীরের হারিক্যান ছয়দানা এলাকার বাড়িতে। সকাল থেকে গভীর রাত পর্যন্ত যে বাড়িতে মানুষের ভিড় থাকত, সেই বাড়ি দেখা গেছে ফাঁকা।

 

গাজীপুরে বলাবলি হচ্ছে, জাহাঙ্গীর আলমের বাড়ির ভিড় এখন কিরণের বাড়িতে।

 

রাত ১১টার দিকে বাসভবনে এসে পৌঁছান কিরণ। এ সময় মোটরসাইকেল বহর নিয়ে নেচে-গেয়ে ও আতশবাজি ফুটিয়ে অভ্যর্থনা জানানো হয় তাকে।

 

৪৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি পদপ্রার্থী খালেদুর রহমান রাসেল বলেন, ‘নগর পরিচালনায় অভিজ্ঞ আসাদুর রহমান কিরণকে ভারপ্রাপ্ত মেয়র নির্বাচিত করায় গাজীপুরবাসী আনন্দিত। এর আগেও তিনি ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্বে ছিলেন, তাই তিনি জানেন কীভাবে নগর পরিচালনা করতে হয়।’

 

আসাদুর রহমান কিরণ বলেন, দীর্ঘ ২৭ বছর ধরে নির্বাচিত জনপ্রতিনিধি হিসেবে জনগণের সেবক হিসেবে কাজ করছি। গত মেয়াদে প্রায় ২৭ মাস ১৩ দিন ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব পালন করেছি।

 

তিনি বলেন, ‘ভারপ্রাপ্ত মেয়র হিসেবে দায়িত্ব নেওয়ার পর গাজীপুর সিটির যে বেহাল দশা রয়েছে, দলীয় নেতাকর্মী ও কাউন্সিলরদের নিয়ে আলোচনা করে তার সমাধান করব।’ রাস্তা প্রশস্ত করার জন্য যারা জমি দিয়েছেন, অথচ ক্ষতিপূরণ পাননি- তাদের বিষয়ে আলাপ-আলোচনার মাধ্যমে সমাধান করার কথাও জানিয়েছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *