অপূর্ব বাংলার তরুণীদের ক্রাশ: শানু

বিনোদন ডেস্ক- লাক্স সুন্দরী প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে মিডিয়ায় আসেন মনিপুরী সম্প্রদায়ের মেয়ে শানারেই দেবী শানু। প্রতিযোগিতা শেষে পুরোদস্তুর অভিনেত্রী হিসেবেই মিডিয়া ক্যারিয়ার শুরু করেন তিনি। নাটকেই বেশি গুরুত্ব দিয়ে অভিনয় ক্যারিয়ারকে এগিয়ে নিয়ে যাচ্ছেন তিনি।

 

তবে সময়ের ব্যস্ততম অভিনয়শিল্পী জিয়াউল ফারুক অপূর্বর সঙ্গে সর্বশেষ অভিনয় করেছিলেন মেহের আফরোজ শাওন পরিচালিত ‘কবি’ ধারাবাহিকে। তারপর কেটে গেছে দীর্ঘ একযুগ। কিন্তু একসঙ্গে আর কাজ হয়নি তাদের। বিরতি ভেঙে ফের একটি একক নাটকে অভিনয় করলেন তারা। নাম ঠিক না হওয়া এ নাটক রচনা ও পরিচালনা করছেন মহিদুল মহিম।

 

অপূর্ব ছাড়াও এ নাটকে শানুর সহশিল্পী হিসেবে কাজ করেছেন নির্মাতা-অভিনেতা সোহেল আরমান। কাজের অভিজ্ঞতা জানিয়ে শানু বলেন—‘অনেক দিন পর প্রিয় মানুষগুলোর সঙ্গে একই নাটকে, একই ফ্রেমে কাজ করলাম। সোহেল আরমান ভাই নির্মাতা ও নাট্যকার হিসেবে সফল, তার সঙ্গে স্ক্রিন শেয়ার করতে পারাটা আনন্দের। তার সঙ্গে অভিনয়ের অভিজ্ঞতা সবসময় দারুণ। আর অপূর্ব তো নিজেই এখন অপূর্ব, বাংলার তরুণীদের ক্রাশ। তার সঙ্গে কাজের আনন্দটাও অন্যরকম।’

 

জনপ্রিয়তা ধরে রেখে দীর্ঘ সময় অভিনয় করে যাওয়া একজন শিল্পীর জন্য বড় প্রাপ্তি। এ কাজটি করছেন অপূর্ব। তা স্মরণ করে শানু বলেন—‘কাজের মধ্য দিয়ে কখন যে শুটিংয়ের সময়টা ফুরিয়ে গেলো টেরই পাইনি। অভিনেতা হিসেবে অপূর্ব অনেক জনপ্রিয়। দীর্ঘ দিন ধরে অপূর্ব তার জনপ্রিয়তা ধরে রেখে অভিনয় করে যাচ্ছে। একজন অভিনেতা হিসেবে তার এটা বড় প্রাপ্তি। তার সহশিল্পী হিসেবে এটা নিয়ে আমিও গর্ব অনুভব করি।’

 

সম্প্রতি চট্টগ্রাম ও ঢাকায় নাটকটির দৃশ্যধারণের কাজ হয়েছে। তবে ঢাকায় আরো একদিন করবেন পরিচালক। আগামী ভালোবাসা দিবসের জন্য নির্মিত হচ্ছে নাটকটি।

 

উল্লেখ্য, অভিনয়ের পাশাপাশি একজন লেখক হিসেবেও পরিচিতি আছে শানুর। ২০১৭ সাল থেকে প্রতি বছর একুশের গ্রন্থমেলায় শানুর উপন্যাস প্রকাশ হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *