বিনোদন ডেস্ক- বাংলাদেশ ও ভারতসহ উপমহাদেশে এখন আলোচনার নাম প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাস জুটি। শুরুটা হয়, সোশ্যাল মিডিয়ায় নিজের নাম থেকে স্বামীর পারিবারিক নাম ‘জোনাস’ সরিয়ে ফেলেন ভারতীয় কন্যা প্রিয়াঙ্কা। এর পরই আলোচিত এই দম্পতির বিবাহ বিচ্ছেদের গুঞ্জন উঠে! যদিও সেটিকে সরাসরি নাকচ করে দিয়েছেন পিগি চপস।
এদিকে এর মাঝেই মঙ্গলবার (২৩ নভেম্বর) নেটফ্লিক্সে ‘জোনাস ব্রাদার্স ফ্যামিলি রোস্ট’ নামে শো স্ট্রিমিং হয়েছে। সেটিতে বিখ্যাত জোনাস ব্রাদার্স নিক, জো ও কেভিন এবং তাদের তিন সুন্দরী স্ত্রী প্রিয়াঙ্কা চোপড়া, সোফি টার্নার ও ড্যানিয়েল জোনাস একে অপরের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে রসিকতায় মেতে উঠেছেন।
যাইহোক, শো’তে প্রিয়াঙ্কা চোপড়াকে তার ১০ বছরের ছোট স্বামী সঙ্গীতশিল্পী নিক জোনাসকে নিয়ে প্রশ্ন করা হয়। তখন জবাবে প্রিয়াঙ্কা বেশ রসিকতায় মেতে উঠেন। তিনি বলেন, তারা সবসবময় একে অপরকে বিভিন্ন কিছু শিখিয়ে থাকেন। এই যেমন, টিকটক সম্পর্কে প্রিয়াঙ্কাকে আইডিয়া দেন নিক। আর সফল অভিনয় ক্যারিয়ার নিয়ে স্বামীকে আইডিয়া দেন বলিউড অভিনেত্রী।
এ সময় দুই জনের বয়সের ব্যবধান নিয়েও কথা বলেন প্রিয়াঙ্কা। তিনি বলেছেন, ‘নিক আমার চেয়ে ১০ বছরের ছোট… তাই নব্বইয়ের দশকের পপ কালচারের অনেক বিষয় ও বোঝে না, এবং আমি ওকে সেগুলো বুঝিয়ে দিই। অন্যদিকে নিক আমাকে টিকটক ব্যবহার করতে দেখায়। পাশাপাশি আমি ওকে দেখাই একটা সফল অভিনয় ক্যারিয়ার কী জিনিস!’
পিগি চপস এই কথা বলা মাত্রই লজ্জায় মুখ ঢাকেন নিক, অন্যদিকে হো হো করে হেসে উঠেন নিকের দুই ভাই ও ভাবী।
উল্লেখ্য,টুইটারের মাধ্যমে প্রথম যোগাযোগ হয় প্রিয়াঙ্কা ও নিকের। শীঘ্রই তারা একে অপরের সঙ্গে মেসেজে কথা বলা শুরু করেছিলেন। ২০১৭ সালে ভ্যানিটি ফেয়ার অস্কারে পার্টির পর প্রথম দেখা হয়েছিল তাদের। পরে লস অ্যাঞ্জেলেসে দেখা করেন তারা। পরে তাদের সম্পর্ক পরিণয়ে রুপ নেয়।
