নজর২৪ ডেস্ক- মেয়র পদ থেকে সদ্য বরখাস্ত হওয়া জাহাঙ্গীর আলম বলেছেন, ‘আমারে মাইরা লাক (মেরে ফেলুক), অসুবিধা নেই। আমি আল্লাহ আর নেত্রীর ওপর ছেড়ে দিয়েছি, তারা যা করেন।’
জনপ্রতিনিধিরা পদ থেকে বরখাস্ত হওয়ার পর অনেকেই উচ্চ আদালতের মাধ্যমে সেই পদ ফিরে পান। সাময়িক বরখাস্তের আদেশ চ্যালেঞ্জ করে হাইকোর্টে আইনি লড়াই চালানোর বিষয়ে জানতে চাইলে আজ বৃহস্পতিবার এক জাতীয় দৈনিককে এ কথা বলেন জাহাঙ্গীর।
এর আগে গাজীপুর সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে মেয়রের পদ থেকে সাময়িক বরখাস্ত করে সরকার। স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম আজ সচিবালয়ে সাংবাদিকদের বলেন, ‘তাঁর বিরুদ্ধে অনেকগুলো অভিযোগ মন্ত্রণালয়ে এসেছে। সেগুলোকে আমলে নেওয়া হয়েছে। তদন্তের স্বার্থে তাঁকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে চূড়ান্তভাবে বরখাস্ত করা হবে।’
এদিকে জমি সংক্রান্ত বিরোধের জেরে জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে গতকাল বুধবার আদালত অবমাননার রুল জারি করেন হাইকোর্ট। আদালত অবমাননার কারণে কেন তাঁর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না, রুলে তা জানতে চাওয়া হয়েছে।
এর আগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা নিয়ে কটূক্তির দায়ে গত শুক্রবার (১৯ নভেম্বর) আওয়ামী লীগের গাজীপুর মহানগরীর সাধারণ সম্পাদকের পদ হারান মেয়র জাহাঙ্গীর আলম। তার দলীয় সদস্যপদও বাতিল করা হয়।
গোপনে ধারণকৃত মেয়র জাহাঙ্গীর আলমের একটি ভিডিও সম্প্রতি ফেসবুকে ভাইরাল হয়। ওই ভিডিওতে মেয়র জাহাঙ্গীরকে মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা নিয়ে সংশয় প্রকাশ করতে শোনা গেছে। বঙ্গবন্ধুর দেশ স্বাধীন করার উদ্দেশ্য নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।
অবশ্য শুরু থেকেই ভিডিওটি বানোয়াট বলে আসছেন জাহাঙ্গীর আলম। ভিডিও প্রকাশ হওয়ার পরই গত ৩ অক্টোবর তাকে শোকজ করে আওয়ামী লীগ।
