ছিনতাই হওয়া ১৭৯ বস্তা চিনি শ্রমিক লীগ নেতার গুদাম থেকে উদ্ধার

সাইফুল ইসলাম মুকুল, রংপুর- রংপুরের মিঠাপুকুরে শ্রমিকলীগ নেতা মমিনুল ইসলামের গুদাম ঘর থেকে ১৭৯ বস্তা চিনি উদ্ধার করেছে মিঠাপুকুর থানা পুলিশ। এ ঘটনার পর গা ঢাকা দিয়েছেন ঐ শ্রমিকলীগ নেতা।

 

এদিকে বুধবার রাতে উপজেলার দুর্গাপুর ইউনিয়ন মিঠাপুকুর বাজার (গোসাইহাট) হতে ১১ লাখ টাকা মূল্যের চিনি আত্মসাত এ নাটকের অবসান ঘটিয়েছে পুলিশ। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে চিনি বহনকারী ট্রাক চালক ও হেলপারকে আটক করা হয়েছে।

 

মিঠাপুকুর থানা পুলিশ ও চিনির মালিক সূত্রে জানা যায়, ২০ নভেম্বর নরসিংদী থেকে ৩২০ বস্তা চিনি চন্দ্রপুরী ট্রান্সপোর্টের মাধ্যমে ট্রাক নম্বর ঢাকা মেট্রো-ট-২০-০৪৪৭ যোগে ঠাঁকুরগায়ের জাকারিয়া ট্রেডার্সে ট্রাকযোগে পাঠানো হয়। কিন্তু নির্দিষ্ট সময়ে চিনি গন্তব্যে না পৌছালে জাকারিয়া ট্রেডার্সের মালিক হোসাইন জাকারিয়া ট্রাক চালক নাজমুল হকের সাথে মুঠোফোনে যোগাযোগ করেন।

 

তখন চালক তাকে জানান, টাঙ্গাইলে ট্রাক বিকল হয়ে পড়েছে। মেরামত করে রওনা দেবো। এজন্য তিনি জাকারিয়ার নিকট বিকাশের মাধ্যমে ৭ হাজার টাকা নেন। টাকা দেওয়ার পরেও পাঠানো চিনি না পৌঁছায় আবারো যোগাযোগ করা হলে চালকের মুঠোফোন বন্ধ পাওয়া যায়।

 

পরবর্তীতে মঙ্গলবার (২৩ নভেম্বর) রাতে ট্রাকচালক নাজমুল হক সাদুল্ল্যাপুর উপজেলার ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রে গিয়ে জানায়, তার ট্রাক আটক করে ৩২০ বস্তা চিনি ছিনতাই করা হয়েছে। চালকের কথায় সন্দেহ হলে পুলিশ তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করেন। এক পর্যায়ে চালক চিনিগুলো রংপুরের মিঠাপুকুর উপজেলার সদর বাজারে একটি গুদামে রাখা হয়েছে বলে স্বীকার করেন। তার স্বীকারোক্তি মোতাবেক মঙ্গলবার (২৩ নভেম্বর) রাতেই মিঠাপুকুর বাজারের শ্রমিক লীগ নেতা মমিনুল ইসলামের গুদামে চিনিগুলো আছে বলে নিশ্চিত হয় পুলিশ।

 

বুধবার (২৪ নভেম্বর) রাতে ওই গুদামঘর হতে ১৭৯ বস্তা চিনি উদ্ধার করা হয়। তবে, অবশিষ্ট চিনিগুলো এখনও উদ্ধার করা সম্ভব হয়নি।

 

এ ঘটনায় হোসাইন জাকারিয়া মিঠাপুকুর থানায় একটি মামলা করেছেন। জাকারিয়া ট্রেডার্সের মালিক হোসাইন জাকারিয়া বলেন, ‘নরসিংদী হতে ৩২০ বস্তা চিনি ক্রয় করি। পরে চিনিগুলো ছিনতাই হয়ে যায়। মিঠাপুকুর বাজারের একটি গুদামঘর হতে ১৭৯ বস্তা চিনি উদ্ধার করে পুলিশ।

 

মিঠাপুকুর থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান জানান, ঘটনার বিষয়ে চিনির মালিক হোসাইন জাকারিয়া বিশ্বাস ভঙ্গ করে প্রতারণার মাধ্যমে আত্মসাতের অভিযোগে মামলা করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *