Home আন্তর্জাতিক নির্বাচিত হওয়ার পরই পদত্যাগ করলেন সুইডেনের প্রথম নারী প্রধানমন্ত্রী

নির্বাচিত হওয়ার পরই পদত্যাগ করলেন সুইডেনের প্রথম নারী প্রধানমন্ত্রী

0
194

আন্তর্জাতিক ডেস্ক- দায়িত্ব নেওয়ার কয়েক ঘণ্টা মধ্যেই পদত্যাগ করেছেন ইউরোপের দেশ সুইডেনের প্রথম নারী প্রধানমন্ত্রী ম্যাগডালেনা অ্যান্ডারসন। মাত্র কয়েক ঘণ্টা আগে বুধবার (২৪ নভেম্বর) তিনি দেশটির প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছিলেন।

 

বৃহস্পতিবার (২৫ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স, সংবাদমাধ্যম বিবিসি ও আলজাজিরা।

 

সংবাদমাধ্যমগুলো বলছে, বুধবার সুইডেনের পার্লামেন্টে ভোটাভুটিতে প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছিলেন ম্যাগডালেনা অ্যান্ডারসন। এর আগে তিনি দেশটির অর্থমন্ত্রীর দায়িত্বে ছিলেন। একইসঙ্গে সুইডিশ রাজনৈতিক দল স্যোশাল ডেমোক্র্যাটিক পার্টির নেতৃত্বেও রয়েছেন ম্যাগডালেনা অ্যান্ডারসন।

 

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার ম্যাগডালেনা অ্যান্ডারসন নেতা নির্বাচিত হওয়ার পর তার জোটসঙ্গী একটি দল সরকার থেকে বেরিয়ে যায়। ফলে পার্লামেন্টে বাজেট পাস করতে ব্যর্থ হয় সুইডিশ সরকার। এরপরই পদত্যাগ করেন তিনি।

 

পদত্যাগের পর ম্যাগডালেনা অ্যান্ডারসন সাংবাদিকদের জানান, আমি পদত্যাগ করতে চাই। এটি আমি স্পিকারকে বলেছি। তিনি আরও জানান, তিনি আবারও সুইডেনের প্রধানমন্ত্রী হতে চান। তার দল এককভাবে সরকার গঠন করতে সমর্থ হলেই কেবল দলের নেতা হিসেবে প্রধানমন্ত্রীর পদে যাবেন তিনি।

 

স্যোশাল ডেমোক্র্যাটিক পার্টির এই নেতা জানান, সুইডেনের সাংবিধানিক রীতি অনুযায়ী, জোটগত ভাবে গঠিত কোনো সরকার থেকে একটি দল বেরিয়ে গেলে পুরো সরকারেরই পদত্যাগ করা উচিত। তার ভাষায়, ‘আমি এমন কোনো সরকারের নেতৃত্বে থাকতে চাই না, যার বৈধতা নিয়ে প্রশ্ন উঠবে।’

 

অ্যান্ডারসনের পদত্যাগের পর পরবর্তী করণীয় নিয়ে দলনেতাদের সঙ্গে বৈঠক করবেন বলে জানিয়েছেন সুইডিশ পার্লামেন্টের স্পিকার।

 

চলতি মাসে ক্ষমতাসীন সোশ্যাল ডেমোক্র্যাটদের নেতা নির্বাচিত হন ৫৪ বছর বয়সী ম্যাগডালেনা অ্যান্ডারসন। মঙ্গলবার বামপন্থিদের সঙ্গে তার চুক্তি চূড়ান্তের পরদিন পার্লামেন্টে ভোটে দেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব দেয়া হয় তাকে।

 

পূর্ববর্তী প্রধানমন্ত্রী স্তেফান লোফভেনের স্থলাভিষিক্ত হয়েছিলেন অ্যান্ডারসন। সাত বছর প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের পর গত ১০ নভেম্বর পদত্যাগ করেন স্তেফান লোফভেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here