নজর২৪ ডেস্ক- ধ র্ষ ণ মামলায় হেফাজতে ইসলামের সাবেক যুগ্ম মহাসচিব মামুনুল হকের বিরুদ্ধে আদালতে জবানবন্দি দিয়েছেন মামলার বাদী ও মামুনুল হকের কথিত দ্বিতীয় স্ত্রী জান্নাত আরা ঝর্ণা।
নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নাজমুল হাসান শ্যামলের আদালতে বুধবার দুপুর সাড়ে ১২টা থেকে ২টা পর্যন্ত ধ র্ষ ণের ঘটনার বর্ণনাসহ সাক্ষ্য দেন তিনি।
রাষ্ট্রপক্ষের আইনজীবী রকিবুদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
বাদীর বরাতে তিনি বলেন, ‘মামুনুল ঝর্ণার স্বামীর ঘনিষ্ঠ বন্ধু ছিল। সেখান থেকেই তাদের মধ্যে পরিচয়। পরে স্বামীর সঙ্গে বিয়েবিচ্ছেদ হলে মামুনুল তাকে ঢাকায় একটি বাসায় রাখতেন এবং নানা জায়গায় নিয়ে গিয়ে শারীরিক সম্পর্কে জড়াতেন।’
রকিবুদ্দিন আরও বলেন, ‘মামুনুল কোথায়, কখন নিয়ে ধ র্ষ ণ করেছেন তা আদালতকে জানিয়েছেন ঝর্ণা। বিয়ের প্রলোভনে রয়্যাল রিসোর্ট ছাড়াও অন্যান্য জায়গায় নিয়ে গিয়ে তিনি এ কাজ করেছেন। তবে মামুনুল বারবার দাবি করেছেন ঝর্ণাকে তিনি বিয়ে করেছেন।’
এর আগে ধ র্ষ ণ মামলায় কাশিমপুর কারাগার থেকে কঠোর নিরাপত্তায় সকাল ৯টার দিকে মামুনুলকে আদালতে আনা হয়। এ সময় মামুনুল হকের অনুসারীরা আদালত চত্বরে অবস্থান নেয়। মামুনুলকে আদালতে তোলার সময় অনুসারীরা পিছু পিছু ছুটতে থাকলে পুলিশ তাদের সরিয়ে দিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে।
এদিকে মামুনুল হকের আইনজীবী জয়নুল আবেদীন মেসবাহ জানান, ভারতের প্রধানমন্ত্রীর বাংলাদেশে আগমন নিয়ে কথা বলায় মামুনুল হকের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলকভাবে এ মামলা করানো হয়েছে।
