বিনোদন ডেস্ক- চারপাশে মা সন্তানকে উপজীব্য করে অনেক আবেগের গল্প আছে। তেমনই অসহায় মায়ের সত্য গল্প থেকে অনুপ্রাণিত হয়ে প্রথমবার সিনেমা পরিচালনা করছেন পরিচালক অরণ্য আনোয়ার।
‘মা’ নামে সিনেমাটিতে মায়ের চরিত্রে অভিনয়ের জন্য ২৯ সেপ্টেম্বর চুক্তিবদ্ধ হয়েছেন পরীমণি। ইতোমধ্যে গাজীপুরের কাপাসিয়ায় সিনেমাটির শুটিং হয়েছে। এবার সেই সিনেমার জন্য তৈরি হলো বিশেষ একটি গান। যেটি গাইলেন ফোক সম্রাজ্ঞী মমতাজ।
জানা গেছে, ছবিটির শুটিং শুরু হলেও পরীমণি তাতে অংশ নিবেন জানুয়ারিতে। তার আগেই তৈরি হলো তার জন্য বিশেষ এই গান। মাহী ফ্লোরার কথায় গানটির সুর করেছেন যৌথভাবে মাহাদী ও মুন্তাসির। আর সংগীতায়োজন করেছেন মুন্তাসির তুষার।
সুরকার মাহাদী ফয়সাল বলেন, ‘মমতাজ আপার জন্য এটা আমার প্রথম সুর। সিনেমাতেও প্রথম কাজ। গানটি কাওয়াল ফরমেটের। মমতাজ আপা যথারীতি দারুণ গেয়েছেন। আমরা উনার প্রতি কৃতজ্ঞ।’
জানা গেছে, এই গানটি সিনেমায় ব্যবহার হবে পরীমণির নবজাতককে স্বাগত জানানোর অনুষ্ঠানে। মূলত এই গানটির মধ্যদিয়েই ছবিটির গল্পে নেমে আসবে ভয়াল ট্র্যা জেডি।
গানটির রেকর্ডিং শেষে নির্মাতা অরণ্য আনোয়ার বলেন, ‘গানটি সুর তৈরির আগ পর্যন্ত আমরা মমতাজের কথা ভাবিনি। ডামি তৈরি পর আমরা অনুভব করি, এই গানটি উনাকে ছাড়া সম্ভব নয়। উনিও গানটি শুনে সাথে সাথে সম্মতি দিয়েছেন। উনার সঙ্গে গানটি করে মনে হলো, তার গানই শুধু মন ভালো করে দেয় না, হাসিটাও মন ভালো করার জন্য মহৌষধ।’
মা সিনেমার গল্পটি দীর্ঘদিন ধরে লালন করছেন অরণ্য আনোয়ার। গল্পে সবচেয়ে গুরুত্বপূর্ণ চরিত্রটি হলো মায়ের। তাই গল্প গোছানোর শুরু থেকেই বেশ সচেতন ছিলাম মায়ের চরিত্রটিকে নিয়ে। বলছিলেন নির্মাতা।
পরিচালকের পছন্দের তালিকায় এগিয়ে ছিলেন পরী। কিন্তু দ্বিধায় ছিলেন, গ্লামারস নায়িকা আদৌ মায়ের চরিত্রে পর্দায় হাজির হবেন কিনা!
অরণ্য আনোয়ার বলেন, গল্পটি শোনানোর পর পরী যেভাবে গ্রহণ করলেন; তাতে আমি বিস্মিত ও মুগ্ধ। আশা করছি ভালোভাবে পরীমনির সঙ্গে সিনেমাটি শেষ হবে। গল্পে ১৯৭১ সালের যুদ্ধের প্রেক্ষাপট রয়েছে বর্তমানে সেসব অংশের শুটিং চলছে।
