Home বিনোদন একসঙ্গে নতুন মিশনে চঞ্চল, সিয়াম ও শুভ

একসঙ্গে নতুন মিশনে চঞ্চল, সিয়াম ও শুভ

0
90

বিনোদন ডেস্ক- ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী, আরিফিন শুভ ও সিয়াম আহমেদ। এতোদিন আলাদাভাবে এই তিন নায়ক বড় পর্দা মাতিয়ে আসছিলেন। আগে একই সিনেমায় একসঙ্গে তাদের কখনই দেখা যায়নি।

 

তবে এবারই প্রথম জুটি বেঁধে সিনেমায় হাজির হতে যাচ্ছেন তারা। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিকে আলাদা তিনটি চরিত্রে দেখা যাবে চঞ্চল, শুভ ও সিয়ামকে।

 

বায়োপিকটিতে বঙ্গবন্ধুর চরিত্রে চিত্রনায়ক আরিফিন শুভ, বঙ্গবন্ধুর বাবা শেখ লুৎফর রহমানের চরিত্রে চঞ্চল চৌধুরী এবং শওকত মিয়ার চরিত্রে অভিনয় করছেন সিয়াম আহমেদ।

 

সম্প্রতি ঢাকায় ‘বঙ্গবন্ধু’র সিনেমার শুটিং শুরু হয়েছে। যেখানে তারা অংশ নিয়েছেন।

 

বুধবার (২৪ নভেম্বর) চঞ্চল ও শুভর সঙ্গে তোলা একটি ছবি ফেসবুকে শেয়ার করেছেন সিয়াম। ক্যাপশনে লেখেন, ‘শুভ সকাল’। ছবিটি পোস্ট করার পর মুহূর্তের মধ্যেই তা দর্শকদের নজর কেড়ে নেয়। একসঙ্গে এই তিন নায়কে দেখে অনেকে মুগ্ধতার কথা প্রকাশ করেছেন।

 

বাংলাদেশ ও ভারত সরকারের যৌথ প্রযোজনায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিক ‘বঙ্গবন্ধু’ নির্মাণ করছেন বলিউড নির্মাতা শ্যাম বেনেগাল। চলতি বছরের জানুয়ারির শেষ দিকে মুম্বাইয়ের দাদা সাহেব ফালকে স্টুডিওতে সিনেমাটির প্রথম ধাপের শুটিং শুরু হয় এবং তা চলে এপ্রিল পর্যন্ত।

 

মার্চে সিনেমাটি মুক্তির কথা থাকলেও করোনার কারণে শুটিং শেষ করা সম্ভব হয়নি। তাই ২০২২ সালের মার্চে বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে সিনেমাটি মুক্তি পেতে পারে। তার আগে কিছুদিনের মধ্যে সিনেমাটির বাংলাদেশ অংশের শুটিং সম্পন্ন করা হবে।

 

উল্লেখ্য, বঙ্গবন্ধুর বায়োপিকে বঙ্গবন্ধুর চরিত্রে চিত্রনায়ক আরিফিন শুভ, শেখ হাসিনার একটি চরিত্রে চিত্রনায়িকা নুসরাত ফারিয়া, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছার চরিত্রে অভিনয় করছেন নুসরাত ইমরোজ তিশা। এছাড়াও শতাধিক অভিনয়শিল্পী সিনেমাটিতে অভিনয় করছেন।

 

বর্তমানে সিনেমার পরবর্তী অংশের শুটিংয়ের জন্য বাংলাদেশে রয়েছেন শ্যাম বেনেগাল সহ পুরো টিম। আগামী বছর সিনেমাটি মুক্তির কথা রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here