মানবতাবিরোধী অপরাধ: বিএনপির সাবেক এমপি মোমিনের মৃত্যুদণ্ড

নজর২৪, ঢাকা- মানবতাবিরোধী অপরাধের মামলায় বিএনপির সাবেক সংসদ সদস্য বগুড়ার আদমদিঘীর পলাতক আব্দুল মোমিন তালুকদার ওরফে খোকার মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

 

বুধবার (২৪ নভেম্বর) ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ রায় ঘোষণা করেন।

 

ট্রাইব্যুনালের সদস্য বিচারপতিরা হলেন- বিচারপতি আবু আহমেদ জমাদার ও বিচারপতি কেএম হাফিজুল আলম।

 

মানবতাবিরোধী অপরাধের মামলায় গত সোমবার (২২ নভেম্বর) আব্দুল মোমিন তালুকদার ওরফে খোকার বিরুদ্ধে রায় ঘোষণার জন্য আজকের দিন ধার্য করা হয়।

 

গত ৩১ অক্টোবর এ মামলায় যুক্তিতর্ক উপস্থাপন শেষে যেকোনো দিন রায় দেয়া হবে মর্মে সিএভি করে।

 

মোমিনের বিরুদ্ধে তিনটি অভিযোগ ছিল। প্রথমটি ১০ জনকে হত্যার। দ্বিতীয়টিতে পাঁচজনকে হত্যার, যাদের এর মধ্যে দুইজনকে স্পটে, বাকি তিনজনকে ধরে রাজাকার ক্যাম্পে নিয়ে নির্যাতনে হত্যার অভিযোগ ছিল। এ ছাড়া তৃতীয়ত অভিযোগ ছিল চারজন মুক্তিযোদ্ধাকে হত্যার।

 

এ মামলার তদন্ত শেষ করে ২০১৮ সালের ৩ মে প্রসিকিউশনের কাছে প্রতিবেদন জমা দেয় ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।

 

তদন্ত সংস্থা জানায়, একাত্তরে আটক, নির্যাতন, অপহরণ, লুণ্ঠন ও অগ্নিসংযোগসহ ১৯ জনকে হত্যার অভিযোগ রয়েছে বগুড়া জেলার আদমদিঘী থানার কালাইকুড়ি গ্রামের আব্দুল মজিদ তালুকদারের ছেলে আব্দুল মোমিন তালুকদারের বিরুদ্ধে। তিনটি অভিযোগে তদন্ত হয়েছে।

 

১৯৭১ সালে মোমিন তালুকদার ছিলেন মুসলিম লীগের কর্মী। কিন্তু পাকিস্তান দখলদার বাহিনীকে সহযোগিতা করতে তিনি সশস্ত্র রাজাকার বাহিনীতে যোগ দেন। আদমদিঘী থানার রাজাকার কমান্ডার হিসেবে তিনি বিভিন্ন অপরাধমূলক কাজ করেন। ১৯৭৮ সালে তিনি বিএনপিতে যোগ দেন। পরে আদমদিঘী উপজেলা বিএনপির সভাপতি হন।

 

মোমিন তালুকদার বর্তমানে বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি এবং রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদকের দায়িত্বে রয়েছেন। চারদলীয় জোট সরকারের আমলে তিনি বন ও পরিবেশ মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি ছিলেন। মোমিন ২০০১ ও ২০০৮ সালে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *