এবার হেলিকপ্টার চালাবে বাংলাদেশ পুলিশ, চলছে প্রশিক্ষণ

নজর২৪, ঢাকা- স্থল ও জলের পর এবার আকাশপথেও নিজেদের কার্যক্রম পরিচালনা করবে বাংলাদেশ পুলিশ। নিজেদের ত্রিমাত্রিক বাহিনীতে পরিণত করতে চলছে তাদের জোর প্রস্তুতি। রাশিয়া থেকে কেনা দুটি হেলিকপ্টার নিজেরাই চালাতে চায় পুলিশের এভিয়েশন উইং।

 

মঙ্গলবার (২৩ নভেম্বর) সৈয়দপুর বিমানবন্দরে প্রশিক্ষক ছাড়াই একক উড্ডয়নের কৃতিত্ব দেখান দুজন সহকারি পুলিশ সুপার (এএসপি)।

 

এ তথ্য নিশ্চিত করে পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) মো. কামরুজ্জামান বলেন, ‘পুলিশ কর্মকর্তারাই পরিচালনা করবেন এভিয়েশন উইং। পাইলট হিসেবে পুলিশ কর্মকর্তারাই চালাবেন নিজেদের হেলিকপ্টার। ইতোমধ্যে তাদের প্রশিক্ষণ শুরু হয়েছে।’

 

তিনি জানান, মঙ্গলবার সৈয়দপুর বিমানবন্দরে এএসপি মুশফিকুল হক চন্দন ও শরীফ সারোয়ার হোসেন তাদের প্রথম একক উড্ডয়ন সফলভাবে শেষ করেছেন। তারা প্রশিক্ষক ছাড়াই উড্ডয়ন ও অবতরণ করেন।

 

পুলিশ সদর দপ্তর জানায়, দেশের অভ্যন্তরীণ অইন-শৃঙ্খলা ও জনগণের জানমালের নিরাপত্তা আরও দ্রততম সময়ে নিশ্চিত করতে চালু হচ্ছে পুলিশের এভিয়েশন উইং। এ উইংয়ে যুক্ত হবে দুটি এমআই-১৭১এ২ হেলিকপ্টার।

 

এর আগে পুলিশের সক্ষমতা বাড়াতে গত ১৯ নভেম্বর রাশিয়া থেকে জিটুজি প্রক্রিয়ায় দুটি হেলিকপ্টার কেনার চুক্তি করে বাংলাদেশ। এতে ব্যয় হবে ৪২৮ কোটি ১২ লাখ ৪৯ হাজার টাকা।

 

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, হেলিকপ্টার দুটি পুলিশের হাতে আসার পর অনেক সুবিধা পাওয়া যাবে। এর মধ্যে অন্যতম হলো আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে দুর্গম ও দূরবর্তী অঞ্চলে পুলিশ সদস্যদের পরিবহন, সার্চ অ্যান্ড রেসকিউ অপারেশন সক্ষমতা বৃদ্ধি, জরুরি পরিস্থিতিতে অগ্নিনির্বাপণ, রসদ ও কার্গো পরিবহন, এরিয়াল পেট্রোলিং, ভিআইপি-গুরুত্বপূর্ণ ব্যক্তিদের জরুরি গমনাগমনে সহায়তা এবং মেডিকেল ইভাকুয়েশন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *