বিনোদন ডেস্ক- বলিউডে এখন বিয়ের মৌসুম। তারই মাঝে ভেসে উঠল মন খারাপের খবর। বিবাহ বিচ্ছেদের পথে অন্যতম জনপ্রিয় তারকা দম্পতি প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনস। আসলে এই সব জল্পনার সূত্রপাত হয় যখন আচমকাই নিজের টুইটার ও ইনস্টাগ্রাম প্রোফাইল থেকে জোনস পদবী সরিয়ে ফেলেন প্রিয়াঙ্কা।
কিছুদিন আগেই সামান্থা প্রভু নিজের নাম বদল করে ফেলেছিলেন আচমকা। আর তার কিছুদিন পরেই নিজের বিবাহ বিচ্ছেদের খবর অনুরাগীদের জানিয়েছিলেন অভিনেতা। সে পথেই কি এগোচ্ছেন প্রিয়াঙ্কা! শুরু হয় জল্পনা। কিন্তু সোমবারই সেই জল্পনায় জল ঢেলে দেন নায়িকা।
সোশ্যাল মিডিয়ায় একটি ওয়ার্ক আউটের ভিডিও পোস্ট করেন নিক জোনস। সেই ভিডিওর কমেন্ট সেকশনে প্রিয়াঙ্কা লেখেন, ‘আমি তোমার বাহুডোরেই মরে গেছি।’ প্রিয়াঙ্কার এই কমেন্ট পড়েই বোঝা যাচ্ছে বিচ্ছেদের কথা তো দূর, তাদের মধ্যে প্রেম অনেক অটুট।
এর আগে প্রিয়াঙ্কার মা ভারতীয় গণমাধ্যমে বলেন, ‘প্রিয়াঙ্কা আর নিকের বিবাহবিচ্ছেদের খবর সম্পূর্ণ গুজব।’ তিনি অনুরোধ করেন, এ ধরনের মিথ্যা খবর কেউ যেন না ছড়ায়।
কোটি তরুণের হৃদয় ভেঙে ২০১৮ সালের ডিসেম্বরে মার্কিন গায়ক নিক জোনাসের সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। ভারতের যোধপুরের উমেদ ভবন প্রাসাদে হয় তাঁদের রাজকীয় বিয়ের আয়োজন। বিবাহপূর্ব অনুষ্ঠানগুলোও ছিল অভিজাত।
বলিউড পেরিয়ে এখন হলিউডের পরিচিত নাম প্রিয়াঙ্কা চোপড়া। তবে মনেপ্রাণে যে তিনি ‘দেশি গার্ল’, তা প্রমাণ করেছিলেন বিয়ের পরেই। নিজের নামের পাশে জুড়েছিলেন স্বামীর পদবি। জোর গলায় বলেছিলেন, ‘আমি ভারতীয় সংস্কৃতিতে বিশ্বাসী, স্বামীর পরিচয় নিজের সঙ্গে যুক্ত করাটা গর্বের।’
