অবশেষে মেয়র জাহাঙ্গীরের বিরুদ্ধে মামলা

নজর২৪, ঢাকা- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কটূক্তি ও মুক্তিযুদ্ধ নিয়ে উসকানিমূলক বক্তব্য দেওয়ায় গাজীপুরের মেয়র জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে মামলা হয়েছে।

 

মঙ্গলবার (২৩ নভেম্বর) দুপুরে রাজবাড়ী ১নং আমলি আদালতে এ মামলা করা হয়। মানবিক বাংলাদেশ সোসাইটির রাজবাড়ী পৌর শাখার সভাপতি শশী আক্তার মামলাটি করেন।

 

আদালত মামলাটি আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্ত করে আগামী বছরের ১৩ ফেব্রুয়ারির মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশনা দিয়েছেন বলে জানিয়েছেন মামলার বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মেহেদী হাসান।

 

মামলার আবেদনে উল্লেখ করা হয়েছে, আসামি মেয়র জাহাঙ্গীর একজন মুখোশধারী হাইব্রিড নেতা। তিনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মহান মুক্তিযুদ্ধ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে উসকানিমূলক বক্তব্য দিয়ে ও বঙ্গবন্ধু সম্পর্কে প্রপাগান্ডা চালিয়ে ইতিহাস বিকৃত করেছেন। এছাড়া শহিদদের সংখ্যা নিয়ে বিভ্রান্তি ছাড়িয়েছেন। এসব বিষয় উল্লেখ করে ৫০৪ ও ৫০৫ ধারায় মামলার আবদেন করা হয়।

 

অ্যাডভোকেট মেহেদী হাসান বলেন, মানবিক বাংলাদেশ রাজবাড়ী পৌর শাখার সভাপতি শশী আক্তার মামলাটি করেছেন। শশী আক্তারের পক্ষে মামলাটি আমি লড়ছি। আদালত পিবিআইকে মামলাটি তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশনা দিয়েছেন।

 

উল্লেখ্য, কিছু দিন আগে গাজীপুর সিটি করপোরেশনের মেয়র জাহাঙ্গীর আলম বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধে শহিদদের সম্পর্কে বিতর্কিত বক্তব্য দেন। তার সেই বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে কেদ্রীয় আওয়ামী লীগ থেকে তাকে শোকজ করা হয়। তিনি শোকজের জবাবও দেন।

 

কিন্তু কেন্দ্র এতে সন্তুষ্ট না হওয়ায় তাকে গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের পদ থেকে থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়। পাশাপাশি আওয়ামী লীগের প্রাথমিক সদস্য পদ থেকেও জাহাঙ্গীর আলমকে অব্যাহতি দেওয়া হয়েছে।

 

শুক্রবার (১৯ নভেম্বর) বিকাল ৪টায় বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের বৈঠকে এ সিদ্ধান্ত হয়। মেয়র জাহাঙ্গীরের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে আওয়ামী লীগের বৈঠক সূত্রে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *