বিনোদন ডেস্ক- সন্ধ্যায় কনসার্ট ছিল। তাহসান তাই রেডি হয়ে বেরুচ্ছিলেন। হঠাৎ দেখলেন, বাসায় একটা কেক এসে হাজির। সাদা রঙের কেকটার গায়ে ইংরেজি হরফে লেখা ‘আ ফিল্ম বাই সাদিক আহমেদ, আ ব্লেসড ম্যান’।
কনসার্ট শেষে বাসায় ফিরে, হাতে কেক নিয়ে তাহসান অনেকগুলো সেলফি তুললেন। ফেসবুকে পোস্টও করলেন তিনটি ছবি। সঙ্গে একটা ভিডিও। এক মিনিটের ওই ভিডিওতে তাহসান বললেন বিস্তারিত। বাসায় হঠাৎ কেক এসে উপস্থিত হওয়া, এবং সেটা নিয়ে এত হইচইয়ের কারণ।
নতুন সিনেমায় অভিনয় করছেন তাহসান। ওই সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান বাসায় কেক পাঠিয়ে অভিনন্দন জানিয়েছেন তাঁকে।
অন্যদিকে ‘রেহানা মরিয়ম নূর’ নিয়ে চারদিকে এত হট্টগোলের মধ্যে, কেউ কেউ ঠিকই খেয়াল করেছিলেন যে, বাঁধন আগের চেয়ে শুকিয়েছেন। এবং ক্রমেই আরও মেদ ঝরছে। অনেকে প্রশ্নও করেছেন। বাঁধন হয়তো কিছু একটা বলে পাশ কাটিয়েছেন, নয়তো নীরব থেকেছেন।
এতদিনে এসে, ফেসবুক লাইভে দিলেন ঠিকঠাক উত্তর। জানালেন তাঁর এত শুকানোর কারণ। নতুন যে সিনেমায় বাঁধন অভিনয় করছেন, সেটার জন্যই ওজন কমাচ্ছেন। আরও নাকি কমাতে হবে!
তাহসান ও বাঁধন, এ দুজন জুটি হয়ে সিনেমায় এই প্রথম অভিনয় করবেন। রোববার রাতে দুজন কাছাকাছি সময়ে সোশ্যাল মিডিয়ায় দিলেন এ ঘোষণা। দুজনেই ভীষণ এক্সাইটেড। ভিডিওতে তাঁদের এক্সপ্রেশনে সেটা স্পষ্ট ধরা পড়েছে।
সিনেমার নাম ‘অ্যা ব্লেসড ম্যান’। এটি পরিচালনা করবেন সাদিক আহমেদ। বাঁধন বলেন, ‘একটা নতুন ছবিতে কাজ করতে যাচ্ছি। খুব সুন্দর গল্পটি। আর আমার চরিত্রটি অসাধারণ। তাহসান খানের সঙ্গে কাজ করবো এখানে। সব মিলিয়ে বেশ উপভোগ করছি ব্যাপারটা।’
তাহসান খান বলেন, ‘সুন্দর একটি গল্প। দর্শক মুগ্ধ হবেন। সঙ্গে বাঁধন। দারুণ একটা সিনেমার আশা করছি।’
অ্যাপল বক্স ফিল্মসের ব্যানারে সিনেমাটির শুটিং শিগগিরই শুরু হবে।
২০০৬ সালে লাক্স-চ্যালেন আই সুন্দরী প্রতিযোগিতার মাধ্যম শোবিজে পা রাখেন বাঁধন। নাটক, বিজ্ঞাপনে অভিনয় করে নিজের পরিচিতি বাড়িয়েছেন। বাঁধনের প্রথম সিনেমা ‘নিঝুম অরণ্যে’। ২০১০ সালে মুক্তি পেয়েছিল এটি। নির্মাণ করেছিলেন মুশফিকুর রহমান গুলজার।
