নির্বাচনে জয়লাভের পর তাবলিগ জামাতে গেলেন চেয়ারম্যান-মেম্বাররা

নজর২৪, পঞ্চগড়- ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে জয়লাভের পর আত্মশুদ্ধির উদ্দেশ্যে তাবলীগ জামাতে গেছেন পঞ্চগড়ের তেঁতুলিয়ায় উপজেলার দেবনগর ইউনিয়নের নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান ও সদস্যরা।

 

গত শুক্রবার ইউনিয়নটির নবনির্বাচিত চেয়ারম্যান ছলেমান আলীর নেতৃত্বে সাধারণ ওয়ার্ডের নির্বাচিত সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্যদের স্বামীদের নিয়ে ১৩ সদস্যের একটি দল (জামাত) নিয়ে তাবলীগ জামাতে যান।

 

নির্বাচনে জয়লাভের পর নব-নির্বাচিত চেয়ারম্যান-মেম্বারদের তাবলীগ জামাতে যাওয়ার বিষয়টি নিয়ে বেশ আলোচনা চলছে। অন্যদিকে চেয়ারম্যান ও সদস্যরা মানুষের বাড়ি বাড়ি গিয়ে দ্বীনের দাওয়াত দেওয়ায় স্থানীয়দের রীতিমতো বিস্ময় জাগিয়েছে। এমন মহৎ উদ্যোগ গ্রহণে সাধুবাদ জানাচ্ছেন অনেকে।

 

তাবলীগ জামাতে নিয়ম অনুযায়ী, ১৩ সদস্য বিশিষ্ট ওই দলের (জামাতের) আমীর হিসাবে নেতৃত্ব দিচ্ছেন চেয়ারম্যান নিজেই। সাত দিনে তারা দুটি মসজিদে অবস্থান করবেন।

 

জানা গেছে, গত ১১ নভেম্বর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ছলেমান আলী দলীয় মনোনয়ন না পাওয়ায় স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করে। ঘোড়া প্রতীক নিয়ে প্রথমবারের মতো চেয়ারম্যান নির্বাচিত হন।

 

তাবলীগ জামাতের নিয়ম অনুযায়ী ১৩ সদস্য বিশিষ্ট ওই দলের (জামাতের) আমীর হিসেবে নেতৃত্ব দিচ্ছেন চেয়ারম্যান নিজেই। সাত দিনে তারা দুই মসজিদে অবস্থান করবেন।

 

দেবনগড় ইউনিয়নের পাথরঘাটা এলাকার বাসিন্দা শাহিন আলম বলেন, জীবনে অনেক চেয়ারম্যান মেম্বার দেখেছি। কিন্তু এবার যারা নির্বাচিত হয়েছেন তাদের মতো দেখিনি। নির্বাচনে জয় লাভের পর তারা আত্মশুদ্ধির জন্য তাবলীগ জামাতে আসছেন আমাদের মসজিদে। নামাজের জন্য ডাকছেন আমাদের। একজন নাগরিক হয়ে নিজেকে গর্বিত মনে হচ্ছে।

 

একই কথা বলেন ওই এলাকার আরেক বাসিন্দা জহিরুল ইসলাম। তিনি বলেন, আমাদের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ ইউপি সদস্যরা আমাদের এলাকায় মসদিদে জামাতে এসেছে। দেখে অনেক ভালো লেগেছে। জনপ্রতিনিধিরা যদি সৎ হয় তাহলে একজন নাগরিকও তাদের সেবা থেকে বঞ্চিত হবে না।

 

৪ নং ওয়ার্ডের নবনির্বাচিত ইউপি সদস্য রফিকুল ইসলাম বলেন, আমি প্রথম ইউপি সদস্য নির্বাচিত হয়েছি। আমাদের চেয়ারম্যান আমাদের সবাইকে নিয়ে তাবলীগ জামাতে নিয়ে এসেছে। এতে আমরা অনেক আনন্দিত। তিনি আমাদের অনেক বিষয়ে শিক্ষা দিচ্ছেন। আমরা সবাই প্রতিজ্ঞা করছি, আমাদের ইউনিয়নের মানুষের সেবা করার জন্য সবসময় প্রস্তুত থাকব। কোনো মানুষ যেন তাদের অধিকার থেকে বঞ্চিত না হয় সেদিকে খেয়াল রাখব।

 

৭ নং দেবনগড় ইউনিয়ন পরিষদের নর্বনির্বাচিত চেয়ারম্যান ছলেমান আলী বলেন, ১১ নভেম্বর দেবনগড় ইউনিয়নবাসী আমাকে বিপুল ভোটে চেয়ারম্যান নির্বাচিত করেছে। আগে থেকেই আমরা নামাজ পড়তাম। নিজেদের আত্মশুদ্ধির জন্য জামাতে এসেছি। আমাদের ভালোই লাগছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *