শ্রীমঙ্গলে নিখোঁজ মাদ্রাসা ছাত্রীর মরদেহ উদ্ধার

অরবিন্দ দেব, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে নিখোঁজের তিনদিন পর নির্জন রাবার বাগান থেকে মিনা (১১) নামে এক কিশোরী মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সে স্থানীয় একটি মাদ্রাসার চতুর্থ শ্রেণির ছাত্রী ছিল। মিনা মির্জাপুর ইউনিয়নের কামাশী গ্রামের মঈনু মিয়ার মেয়ে।

 

রোববার সকালে উপজেলার মির্জাপুর ইউনিয়নের রুপাইছড়া রাবার বাগানের ভিতরে ওই কিশোরীর মরদেহ দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল গিয়ে মরদেহ উদ্ধার করে।

 

কিশোরীর ভাই আবুল হোসেন জানান, মিনা শুক্রবার বাজার করতে স্থানীয় শমসেরগঞ্জ বাজারে যায়। এরপর থেকে সে নিখোঁজ ছিল। শনিবার তার সন্ধানের জন্য এলাকায় মাইকিং করা হয়। রোববার সকালে রুপাইছড়া রাবার বাগানে তার বোনের মরদেহ পাওয়া যায়।

 

তিনি বলেন, ‌‘মরদেহের গলায় ওড়না পেঁচানো ছিল। পায়ে আঘাতের চিহ্ন আছে। গায়ে কামিজ থাকলেও পরনে সালোয়ার ছিল না।’

 

শ্রীঙ্গল থানার ওসি (তদন্ত) হুমায়ুন কবির বলেন, ‘মরদেহের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে হত্যা করে ওই রাবার বাগানে ফেলে রাখা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *