সারাদেশে রোববার থেকে ৩ ঘণ্টা করে ডিশ-ইন্টারনেট বন্ধ

নজর২৪ ডেস্ক- ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) বিভিন্ন এলাকার ঝুলন্ত ইন্টারনেট ও ডিশের ক্যাবল অপসারণের প্রতিবাদে রোববার (১৮ অক্টোবর) থেকে দেশে প্রতিদিন ৩ ঘণ্টা ইন্টারনেট ও ডিশ সংযোগ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি)। করো’নাকা’লীন সময়ে এ সিদ্ধান্তে বিড়ম্বনায় পড়তে যাচ্ছেন দেশের কোটি মানুষ।

 

ইন্টারনেট ও ক্যাবল টিভি ব্যবসায়ীদের কয়েকজন বলছেন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ইন্টারনেট ও ক্যাবল টিভি সংযোগের বিকল্প ব্যবস্থা না করে এভাবে তার কাটায় ব্যবসায়ীরা ক্ষতির মুখে পড়েছেন। ইতোমধ্যে আইএসপিএবি এবং কোয়াবের আনুমানিক ২০ কোটি টাকার ক্ষতি হয়েছে। রোববার থেকে দেশের ইন্টারনেট ও ক্যাবল টিভি সেবা আংশিকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সংযোগদাতা প্রতিষ্ঠানগুলো।

 

জানা গেছে, গত ৩০ জুলাই ডিএসসিসির বাজেট ঘোষণা অনুষ্ঠানে মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস নগরীতে অবৈধ দৃষ্টিকটূ ও ঝুঁকিপূর্ণ ক্যাবল অপসারণ করার ঘোষণা দেন। মেয়রের এমন ঘোষণার পর ৫ আগস্ট থেকে নগরজুড়ে ঝুলন্ত ক্যাবল অপসারণে নামে ডিএসসিসির ভ্রাম্যমাণ আদালত।

 

ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের (আইএসপিএবি) সভাপতি এম এ হাকিম বলেন, ডিএসসিসি ইন্টারনেট ও ডিশ ক্যাবল অপসারণ অভিযান বন্ধ না করলে রোববার থেকে প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত তিন ঘণ্টা সেবা বন্ধ থাকবে। যতদিন আমাদের এই সমস্যার সমাধান না হচ্ছে, ততদিন তিন ঘণ্টা করে সেবা বন্ধ থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *