বিনোদন ডেস্ক- অভিনেত্রী জয়া আহসানের প্রাণীপ্রীতির কথা অনেকেই জানেন। শুধু সারমেয় নয়, অন্য পশুপাখির জন্যও তার হৃদয় অবারিত। এবার সেই ভালোবাসার প্রতিদান পেলেন এই অভিনেত্রী। ভূষিত হলেন ‘প্রাণবিক বন্ধু’ সম্মাননায়।
জাতীয় জাদুঘরের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব মিলনায়তনে শনিবার (২০ নভেম্বর) সন্ধ্যায় এক অনুষ্ঠানে জয়ার হাতে তুলে দেয়া হয় এই পুরস্কার। প্রাণবিক তারকা বিভাগে এই সম্মাননা পেয়েছেন তিনি।
জয়াসহ মোট ১১ জনকে দেয়া হয়েছে প্রাণবিক বন্ধু পুরস্কার। অন্যরা হলেন প্রাণবিক প্রজন্মে মো. আবু বকর সিদ্দিক (পথপ্রাণী উদ্ধারকর্মী), পথে পথে প্রাণ রক্ষায় রাজশাহীর সুধা রানী এবং ঢাকার প্রেসী পুষ্পিতা সরকার।
প্রাণবিক প্রাণী চিকিৎসক ডা. ফাতিহা ইমনুর ইমা, গণমাধ্যমে প্রাণবিকতায় প্রবীর কুমার সরকার, ভেটেরিনারি শিক্ষা ও চিকিৎসায় প্রফেসর নীতিশ চন্দ্র দেবনাথ, জনস্বাস্থ্য ও পথপ্রাণী রক্ষায় বেনজির আহমেদ, প্রাণবিক বন সংরক্ষক মোল্যা রেজাউল, প্রাণবিক নগর পিতা আতিকুল ইসলাম এবং বিশেষ মরণোত্তর সম্মাননা রেশাদ কামাল।
কিছুদিন দেশের বাইরে থেকে শনিবার সকালেই দেশে ফেরেন জয়া। যুক্তরাষ্ট্রের মতো শীতের দেশ থেকে ফিরেছেন বলেই হয়তো গলা ভেঙে নিয়ে এসেছেন। কথা বললেও শব্দ হচ্ছিল না। তাই পুরস্কার হাতে নেয়ার সময় মঞ্চে কথা বলতে পারেননি এই অভিনেত্রী।
গত ৪ অক্টোবর বিশ্ব প্রাণী দিবসে পিপল ফর অ্যানিমেল ওয়েলফেয়ার ফাউন্ডেশন ‘প্রাণবিক বন্ধু’ শীর্ষক বিশেষ সম্মাননা পুরস্কার ঘোষণা করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সংসদ সদস্য আসাদুজ্জামান নূর, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুস, বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক, চিত্রশিল্পী কনক চাঁপা চাকমা এবং শিল্প সমালোচক মইনুদ্দিন খালেদ।
ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান স্থপতি রাকিবুল হক এমিল জানান, প্রাণীদের নিয়ে তারা দীর্ঘদিন ধরে কাজ করছেন, করবেনও। তবে পুরস্কার প্রদান এবারই প্রথম।
