তরুণীর হাতে প্ল্যাকার্ড, ‘স্ত্রীর স্বীকৃতি না পেলে মরে যাব’

নজর২৪, সিলেট- স্ত্রীর স্বীকৃতির দাবিতে গত দুদিন থেকে অনশন করছেন এক তরুণী। তার বাড়ি চাঁদপুর জেলার হাজিগঞ্জে। ‘স্ত্রীর স্বীকৃতি না পেলে মরে যাব’ প্ল্যাকার্ড হাতে নিয়ে বাসার সামনে অবস্থান করছেন তিনি। ঘটনাটি সিলেট নগরীর কালীবাড়ি এলাকার বন্ধন ১৪-ডি নং বাসায়।

 

রেহেনা আক্তার নামে ওই তরুণীর দাবি, কালীবাড়ি এলাকার বন্ধন ১৪-ডি এর বাসিন্দা মো. আবু হানিফের ছেলে মিছবাহুজ্জামান রুহিনের সঙ্গে ফেসবুকে পরিচয়ের পর দীর্ঘদিন প্রেমের সম্পর্ক ছিলো। পরে তারা দু’জন বিয়ে করেন। বিয়ের পর গত ৮ মাস একসঙ্গে সংসার করার পর এখন রেহেনাকে স্ত্রী হিসেবে মেনে নিচ্ছেন না রুহিন। এজন্য স্ত্রীর স্বীকৃতি ও ‘স্বামীর’ বাড়িতে উঠতে শুক্রবার (১৯ নভেম্বর) থেকে রুহিনের বাড়ির সামনে অবস্থান নিয়েছেন রেহানা।

 

ওই তরুণী জানান, স্ত্রী হিসেবে তাকে মেনে না নেওয়ায় বাধ্য হয়ে তিনি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে একটি মামলা (পিটিশন মামলা নম্বর ৩৩৫/২০২১) করেছেন। মামলাটি বর্তমানে পিবিআই তদন্ত করছে।

 

বিয়ের কাবিন আছে কিনা- জানতে চাইলে তিনি বলেন, কোনো কাবিননামা তার কাছে নেই। শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে মোবাইল ফোনে কথা, ফোনের কথোপকথনের রেকর্ড ও মেসেজ আদান-প্রদানের প্রমাণ রয়েছে।

 

জালালাবাদ থানার ওসি নাজমুল হুদা খান বলেন, শুনেছি এ ঘটনায় মামলা হয়েছে। মামলাটি তদন্তের জন্য পিবিআইয়ের কাছে রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *