বিনোদন ডেস্ক- এক সময়ে টিভি পর্দায় নিয়মিত অভিনয় করতেন আনিকা কবির শখ। টিভিতে উপস্থিতি থাকত বিজ্ঞাপন কিংবা নাটকে। পেয়েছেন আকাশচুম্বী জনপ্রিয়তা। গত ছয় বছরে হাজির হচ্ছেন না টিভি পর্দায়। এরই মধ্যে তার জীবন অনেক পাল্টেছে। বিয়ে বিচ্ছেদ, আবর বিয়ে ও সন্তান জন্ম এসবই ছিল আলোচনায়।
সম্প্রতি একটি রেডিও স্টেশনের লাইভে অংশ নিয়েছিলেন এ অভিনেত্রী। মুখ খুলেছেন তার ব্যক্তিগত জীবন নিয়ে।
আনিকা কবির শখের কাছে সুখের সংজ্ঞা জানতে চাওয়া হলে তিনি বলেন, সুখের সংজ্ঞা খুবই সিম্পল। মানুষের চাহিদা যত কম, যত অল্পতে মানুষ সন্তুষ্ট হতে পারে, তত সুখ বেশি। সুখের সংজ্ঞা এটাই।
ক্যারিয়ারের কঠিন সময়ের কথা তুলে ধরে তিনি বলেন, আমার ক্যারিয়ারের কঠিন সময় ছিল ২০১০-১১ সাল। তখন আমি ধুমছে কাজ শুরু করেছি। ফ্যামিলি বেশ সাহায্য করেছিল। বাবার হেল্প পেতাম সব সময়।
জীবনে সঠিক মানুষ খুঁজে পাওয়া কিংবা মানুষকে চেনা প্রসঙ্গে এ অভিনেত্রী বলেন, মানুষকে আসলে কখনো পুরোপুরি চেনা যায় না। কারণ তারা বহুরূপী হয়। মানুষের কখনো একটা রূপ থাকে না। তারপরও যারা সঠিক মানুষটিকে খুঁজে পায়, তারা ভাগ্যবান। অনেক ভিড়ের মাঝে সেই একজনকে খুঁজে পাওয়া কঠিন বটে। তবে দিনশেষে সঠিক মানুষটা বের হয়ে আসে। খুঁজে নিতে হয় না, চলেই আসে।
সম্পর্ক ও বিচ্ছেদ নিয়ে শখ বলেন, এখন সম্পর্ক ভাঙা-গড়াকে মানুষ অনেকটা খোলাখুলিভাবে নিচ্ছে। কারণ, জোর করে তো আসলে সম্পর্ক হয় না। একটা মানুষের সঙ্গে বোঝাপড়া না থাকলে তো জোর করে থাকা সম্ভব না। জোর করে খারাপভাবে সম্পর্ক রাখার চেয়ে সুন্দরভাবে ভেঙে যাওয়াই ভালো।
নিলয়ের সঙ্গে ডিভোর্স প্রসঙ্গে শখ জানান, তার পরিবার এটাকে স্বাভাবিকভাবেই নিয়েছে। তিনি বলেন, কারণ এটার পেছনে আমারও কোনো ভুল ছিল না। বোঝাপড়া হয়নি। আমরা পারিবারিভাবে সিদ্ধান্ত নিয়েছি। বোঝাপড়া হয়নি বলেই দাম্পত্যে ইতি টেনেছি।
এদিকে জনের সঙ্গে বিয়ের বিষয়ে তিনি বলেন, একটি ফোটোশুটে তার সঙ্গে পরিচয়। ওর সঙ্গে প্রেম করার সময় হয়নি। সে একদিন সরাসরি আম্মুকে ফোন দিল। ওই দিনই সে আম্মুকে বললো, আমি শখকে পছন্দ করি। আমি তাকে বিয়ে করতে চাই। আম্মুও বললো আচ্ছা দেখি। এরপর দুই ফ্যামিলির সিদ্ধান্তে সরাসরি বিয়ে হয়। করোনার সময় বিয়ে হয় ঘরোয়াভাবে। তখন অনেকে বলেছিল, আমি না কি গোপনে বিয়ে করেছি। কিন্তু গোপন করার কিছু নেই। তখন ফেসবুক হ্যাকড ছিল। কারো সঙ্গে তেমন যোগাযোগ করার সুযোগ হয়নি।
নিজের জীবনের ভুলগুলো নিয়ে আক্ষেপ নেই বলে জানান শখ। বলেন, মানুষ জীবনের ভুল থেকে শেখে। আমি লাইফের প্রত্যেকটা ভুল থেকে শিখেছি।
২০২০ সালের ১২ মে আতিকুর রহমান জনকে বিয়ে করেন শখ। জন পেশায় ব্যবসায়ী, বাড়ি গাজীপুর জেলার কালিয়াকৈর থানার বলিয়াদি গ্রামে। গত ২৪ সেপ্টেম্বর একটি কন্যাসন্তানের জন্ম দেন শখ।
এর আগে ২০১৫ সালের ৭ জানুয়ারি মডেল-অভিনেতা নিলয় আলমগীরকে বিয়ে করেছিলেন তিনি। কিন্তু বিয়ের দুই বছরের মধ্যে তাদের সেই সংসার ভেঙে যায়।
