নজর২৪, ঢাকা- গাজীপুরের মেয়র জাহাঙ্গীর আলমকে দল থেকে বহিষ্কারের পাশাপাশি তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হতে পারে বলে জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। জানিয়েছেন, বিষয়টি স্থানীয় সরকার মন্ত্রণালয়কে জানানো হয়েছে।
বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা নিয়ে ঘরোয়া আলোচনায় কটূক্তির ভিডিও ফাঁসের মাস দুয়েক পর শুক্রবার ক্ষমতাসীন দলের কার্যনির্বাহী সংসদের বৈঠক শেষে এক ব্রিফিংয়ে এ কথা জানান দলটির সাধারণ সম্পাদক।
কাদের এই ব্রিফিংয়ে আসার আগেই জাহাঙ্গীরকে দল থেকে বহিষ্কারের তথ্য গণমাধ্যমে চলে আসে। এর প্রতিক্রিয়ায় গাজীপুর আওয়ামী লীগে মেয়রের বিরোধীপক্ষ মাতে উল্লাসে।
মেয়রের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ায় আনন্দ প্রকাশ করে বিরোধীরা তার পদ কেড়ে নেয়া এবং আইনি ব্যবস্থা নেয়ার দাবিও জানাচ্ছেন।
ওবায়দুল কাদের জানান, জাহাঙ্গীরের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার বিষয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়কে অবহিত করা হয়েছে।
সিটি করপোরেশনের স্থানীয় সরকারের একটি শাখা। ফলে এ বিষয়ে সিদ্ধান্ত এই মন্ত্রণালয়ই নিয়ে থাকে।
এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘তার (জাহাঙ্গীর) বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হতে পারে। যেহেতু তার বক্তব্য বঙ্গবন্ধু ও আমাদের ইতিহাসকে কটাক্ষ করে। কাজেই এটা প্রশাসনিকভাবে স্থানীয় সরকার মন্ত্রণালয়কে আজকের দলীয় সিদ্ধান্ত অফিশিয়ালি জানানো হবে।’
উল্লেখ্য, শুক্রবার সন্ধ্যায় আওয়ামী লীগ থেকে আজীবন বহিষ্কার করা হয় মেয়র জাহাঙ্গীর আলমকে। বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি কটূক্তি করে দল থেকে কারণ দর্শানো এ নেতাকে দলের পদ থেকে বহিষ্কারের পাশাপাশি তার প্রাথমিক সদস্যপদও বাতিল করা হয়। একইসঙ্গে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশও দেওয়া হয়।
শুক্রবার গণভবনে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের বৈঠক থেকে জাহাঙ্গীরকে আজীবন বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়। প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে বৈঠকে কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ নেতারা উপস্থিত ছিলেন।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা নিয়ে কটূক্তি করে দেওয়া গাজীপুর সিটি মেয়রের বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। পরে এ নিয়ে ব্যাপক তোলপাড় শুরু হয়। মেয়র থেকে পদত্যাগ ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদ থেকে জাহাঙ্গীরকে বহিষ্কারের দাবিতে গাজীপুর নগরের কয়েকটি স্থানে বিক্ষোভ করেন দলীয় নেতাকর্মীরা।
