মেয়র জাহাঙ্গীরকে বহিষ্কারের খবরে গাজীপুরে আনন্দ মিছিল, মিষ্টিমুখ

নজর২৪, ঢাকা- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধ নিয়ে বিতর্কিত মন্তব্যের অভিযোগে গাজীপুরের মেয়র জাহাঙ্গীর আলমকে আওয়ামী লীগ থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে। সেইসঙ্গে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে।

 

শুক্রবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে গণভবনে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়।

 

এদিকে আওয়ামী লীগের সদস্য পদ থেকে বহিষ্কারের সিদ্ধান্ত আসার পর গাজীপুর মহানগরে তার বিরোধীদের উল্লাস শুরু হয়েছে। তাৎক্ষণিক গাজীপুরের শাল্লা, টঙ্গীসহ বিভিন্ন এলাকায় আনন্দ মিছিল বের করে মেয়রবিরোধীরা।

 

টঙ্গীতে মেয়রবিরোধীরা সন্ধ্যার পর আতশবাজি পুড়িয়ে উল্লাস প্রকাশ করে। সেই সঙ্গে তারা একে অন্যকে মিষ্টিমুখ করিয়ে আনন্দ করে।

 

রাত ৮টার দিকে থানার বিভিন্ন এলাকা থেকে ছোট ছোট দলে মিছিল নিয়ে নেতা-কর্মীরা জড়ো হতে থাকেন থানা আওয়ামী লীগের কার্যালয়ের দিকে। এ সময় তারা জাহাঙ্গীরের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ারও দাবি জানান।

 

হাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি আজমত উল্লাহ খান এক প্রতিক্রিয়ায় গণমাধ্যমকে বলেন, ‘বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের শহীদদের সংখ্যা নিয়ে নিজের মনগড়া বক্তব্য দিয়ে জাহাঙ্গীর যে অপরাধ করেছে, সে অপরাধের শাস্তি সে পেয়েছে। এতে আমরা আওয়ামী পরিবারের লোক, মুক্তিযুদ্ধের স্বপক্ষের লোক, শুধু গাজীপুরের নয় সারা বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনার স্বপক্ষের লোক খুশি। এ সিদ্ধান্তের জন্য বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সকল সদস্যদের শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানাই।’

 

তিনি বলেন, ‘গাজীপুরের মানুষ এ সিদ্ধান্তে আনন্দে উল্লসিত। কারণ তাদের অন্তরের জ্বালা ছিল এ বক্তব্যের পরে। সে জন্য এর বহিঃপ্রকাশ গাজীপুরের বিভিন্ন ওয়ার্ডে শুরু হয়ে গেছে। নেতা-কর্মীরা দলের সিদ্ধান্তে খুশি’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *