বিনোদন ডেস্ক- ১৮ নভেম্বর (বৃহস্পতিবার) ছিল ঢাকাই ছবির চিত্রনায়ক শরিফুল রাজের জন্মদিন। সম্প্রতি ‘গুনিন’ ছবির শুটিং শেষ করে গ্রামের বাড়িতে গিয়েছিলেন এই অভিনেতা। সেখান থেকে গতকাল ঢাকায় ফিরে রাত ১২টার পর নিজের জন্মদিন উদ্যাপন করেন।
বিশেষ এই দিনে রাজকে শুভেচ্ছায় ভাসিয়েছেন তার বন্ধু, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা। তবে একটু বিশেষভাবে উদযাপন করলেন আলোচিত নায়িকাপরীমণি। রাজকে পাশে বসিয়ে কেক কেটেছেন তিনি।
এ সময় পরীর পরনে ছিল লাল পেড়ে সাদা শাড়ি। হাতে লাল চুড়ি, খোঁপা করা চুল। কেকের ওপর চাকু চালানোর পর হাত নেড়ে নাচার ভঙ্গিমাও করেছেন নায়িকা। নিজের হাতে রাজকে কেকও খাইয়ে দেন তিনি। এছাড়া এক তোড়া ফুলও উপহার দিয়েছেন অভিনেতাকে।
বিষয়টি নিয়ে ইতিমধ্যে নানা গুঞ্জন শুরু হয়েছে। তবে এটিকে অন্যভাবে নেওয়ার কোনো কারণ নেই বলে গণমাধ্যমকে জানিয়েছেন শরিফুল রাজ। তিনি সহশিল্পী পরীমণিকে ভালো বন্ধু হিসেবে দাবি করেছেন।
রাজের কাছে প্রশ্ন ছিল, পরীমনির জন্মদিনে আপনাকে নাচতে দেখা গেছে। গতকাল রাতে পরী নিজে আপনার বাসায় এসে কেক কেটে আপনার জন্মদিন উদ্যাপন করেছেন। তার একটি ভিডিও ফুটেজও তাঁর ফেসবুকে প্রকাশ করেছেন। অনেকেই বলছেন পরীর সঙ্গে রাজের নতুন রসায়ন তৈরি হয়েছে।
এ প্রসঙ্গে রাজ বলেন, সম্প্রতি ‘গুনিন’ ছবিতে আমরা প্রথম একসঙ্গে কাজ করেছি। পরীসহ ‘গুনিন’ ছবির টিমের বেশ কয়েকজন জন্মদিনের রাতের প্রথম প্রহরে কেক নিয়ে এসেছিলেন আমার বাসায়। আমার সঙ্গে যাঁরাই কাজ করেন, তাঁদের ভালো বন্ধু মনে করি। পরীমনির সঙ্গে ঠিক তেমনি। আর কাজ করতে গেলে সহশিল্পীর সঙ্গে ভালো সম্পর্ক তো হবেই। এটি অন্যভাবে নেওয়ার কোনো কারণ নেই।
তিনি বলেন, পরীমনি একজন সুন্দর অভিনেতা, সুন্দর মনের মানুষ। এর আগে কাজ করতে গিয়ে সুনেরাহ্ বিনতে কামাল, নাজিফা তুষিদের সঙ্গেও আমার ভালো বন্ধুত্ব হয়েছে।
উল্লেখ্য, পরীমণি ও শরিফুল রাজ জুটি বেঁধে সম্প্রতি একটি সিনেমায় কাজ করেছেন। এর নাম ‘গুনিন’। নির্মাণ করেছেন গিয়াসউদ্দিন সেলিম। সিনেমাটি অনলাইন প্ল্যাটফর্মে মুক্তি পাবে।
