ডিভোর্সের পরেও জ্বালাতন: সাবেক স্বামীকে পুলিশে দিলো স্ত্রী

atok 2m

নজর২৪, ঠাকুরগাঁও- প্রায় বছর খানেক আগে স্ত্রী রোজিনা বেগমের (৩৫) সাথে বিচ্ছেদ হয়েছে মানিক মিয়ার (৪৬)। কিন্তু সেই বিচ্ছেদ মানতে নারাজ স্বামী মানিক মিয়া। তাই বার বার স্বামীর অধিকার চেয়ে ছুটে যান রোজিনার কাছে।

 

সবশেষে অতিষ্ঠ হয়ে সাবেক স্বামীকে পুলিশের হাতে তুলে দেন রোজিনা। রোববার রাতে সাবেক স্ত্রীর অভিযোগের ভিত্তিতে মানিক মিয়াকে পুলিশ গ্রেফতার করে। ঘটনাটি ঠাকুরগাঁও সদর উপজেলার মন্দির পাড়ায় ঘটেছে।

 

এলাকাবাসী সূত্রে জানা যায়, প্রায় বছর দুয়েক আগে প্রথম স্বামীকে ছেড়ে মানিককে বিয়ে করেন রোজিনা বেগম। মানিক মিয়াও প্রথম স্ত্রীকে রেখে রোজিনাকে নিয়ে ঢাকায় সংসার করতে থাকেন। তবে বিয়ের বছর খানেক পরেই বনিবনা না হওয়ায় বেশ কিছু অভিযোগ এনে স্বামীকে তালাক দেন রোজিনা। সেই তালাক মেনে নিয়ে প্রথম স্ত্রীর কাছে ফিরে যান মানিক মিয়া।

 

রোজিনাও ঠাকুরগাঁওয়ে প্রথম ঘরের ছেলে মেহেদির বাসায় বসবাস শুরু করেন। কিন্তু মাস ছয়েক পর থেকেই আবার রোজিনার পিছু করতে থাকেন মানিক। বার বার রোজিনার বাসায় গিয়ে তালাক হয়নি জানিয়ে নিজের বাসায় থাকতে বলে মানিক। না যেতে চাইলে মারধর করতে থাকে।

 

রোজিনার প্রতিবেশী রাহাত জানায়, কয়দিন পর পরেই রোজিনার বাসা থেকে চিল্লানির শব্দ শোনা যায়। মানিক রোজিনাকে বাসায় নিয়ে যাইতে চায়। কিন্তু রোজিনা মানা করলেই মারধর শুরু করে মানিক। আজও একই ঘটনা চলতে থাকে। মারামারির এক পর্যায়ে রোজিনা ছুটে বাইরে চলে আসে। পরে এলাকাবাসীর সাহায্যে পুলিশে খবর দেয়।

 

রোজিনা বলেন, উনাকে বিয়ে করা আমার সবচাইতে বড় ভুল ছিল। ওই লোক (মানিক) আমার গয়না বিক্রি করে খাইছে, আমার কাছে থাকা সব টাকাও খাইয়া শেষ করছে। আমাকে মারধর করতো। তাই তাকে তালাক দিয়ে দিছি। এখন আমাকে আবার সংসার করতে বলে। তা না হইলে আমার সাথে নিজের তোলা গোপন ছবি ইন্টারনেটে ছেড়ে দেবার হুমকি দেয়। মারধর করে।

 

মানিকের কাছ থেকে রেহাই পেতে এর আগে দুইবার স্থানীয় প্রতিনিধি ও এলাকাবাসী নিয়ে বসেও কোনো লাভ হয়নি। পরে পুলিশে অভিযোগ দেওয়া হয়েছে। তবুও মানিক বিরক্ত করতেই থাকে। অবশেষে পুলিশে কল দিয়ে ঘটনাস্থল থেকে মানিককে তুলে দিয়েছে সে। তবে জেল থেকে বের হয়ে মানিক আবার কিছু করতে পারে। সেই ভয়ে নিরাপত্তা নিয়ে তিনি শঙ্কিত।

 

ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তানভীরুল ইসলাম জানান, রোজিনা এর আগেও আমাদেরকে অভিযোগ করেছে। তখন মানিককে সাবধান করে দেওয়া হয়েছে। তারপরও মানিক রোজিনাকে অত্যাচার করতে থাকে জানার পরই তাকে আটক করে আনা হয়েছে। পরে সাবেক স্ত্রী রোজিনা বাদি হয়ে করা মামলায় তাকে গ্রেফতার করা হয়। সোমবার তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *