তারকা জীবনে মা হওয়াটাও একটা বড় সংগ্রাম : শখ

বিনোদন ডেস্ক- সদ্য মা হয়েছেন অভিনেত্রী আনিকা কবির শখ। ফলে অভিনয়ে নেই তিনি। নেই মিডিয়ার কোনো আয়োজনেও। যদিও বিয়ে করার আগে থেকেই বিনোদন অঙ্গন থেকে নিজেকে গুটিয়ে নিয়েছেন শখ। কারও সঙ্গে কোনো যোগাযোগ রাখতেন না। বিয়ের পর তো একেবারেই আড়ালে চলে যান।

 

হুট করে মাস তিনেক আগে ফের হোন খবরের শিরোনাম। এবার মা হয়ে খবরে আসেন তিনি। তবে এখন নতুন খবর হচ্ছে, দীর্ঘ ৬ বছর পর কোনো লাইভ অনুষ্ঠানে কথা বলবেন জনপ্রিয় মডেল ও অভিনেত্রী আনিকা কবির শখ। তানভীর তারেক এর গ্রন্থনা ও সঞ্চালনায় জাগো এফএম এর জনপ্রিয় সেলিব্রিটি শো ‘রাতাড্ডা’ অনুষ্ঠানে অংশ নেবেন তিনি। নিজের ক্যারিয়ার, সংসার ও সন্তানের মা হওয়া প্রসঙ্গে যাপিত জীবনের সংগ্রাম নিয়ে বলবেন তিনি।

 

লাইভে আসা প্রসঙ্গে শখ বলেন, ‘আমি ক্যারিয়ারের চূড়ান্ত পর্যায় যেমন দেখেছি, তেমনি নিজের বয়সের সঙ্গে সঙ্গে জীবনের সংগ্রামটাও অনুভব করেছি। তারকা জীবনে মা হওয়াটাও একটা বড় সংগ্রাম। কারণ আমাকে অনেক কিছু সেক্রিফাইস করতে হয়েছে। এই একার সংগ্রাম প্রসঙ্গে বলে বোঝাতে পারব না। তাই এসব বিষয়ে এখন বলার প্রয়োজন বোধ করেছি বলেই আমি লাইভে কথা বলতে চেয়েছি। তানভীর ভাইয়ের সঙ্গে আমার এই অবসর সময়েও নানান বিষয়ে কথা হয়েছে। তিনি খোঁজ নিয়েছেন। আমি ঘরে বসে নিয়মিত তার অনুষ্ঠান দেখতাম। তাকে মেসেজ পাঠাতাম। সেই ভাবনা থেকেই এতদিন পর প্রথম তার শোতেই কথা বলতে চেয়েছি।’

 

সোমবার (১৫ নভেম্বর) জাগো এফএমে রাত ১০টায় দুই ঘণ্টার লাইভে অংশ নেবেন শখ। এ প্রসঙ্গে তানভীর তারেক বলেন, ‘জনপ্রিয় তারকারা সংসার সন্তানে ব্যস্ত হয়ে গেলে অনেকেই শোবিজ ক্যারিয়ার ছেড়ে দেন। কিন্তু শখ এখানে একেবারেই ভিন্ন সিদ্ধান্তে। নারীদের এই নিঃশব্দে বয়ে যাওয়া সংগ্রামের কথা কেউ তুলে ধরেনা। আমরা সবসময় তাদের গ্ল্যামার সময়টা নিয়েই পড়ে থাকি। তাই এটি একটি ভিন্নমাত্রার অনুষ্ঠান হবে বলে আমার বিশ্বাস।’

 

উল্লেখ্য, শখের সাথে অভিনেতা নিলয়ের বিবাহ বিচ্ছেদের পর মডেল জনকে বিয়ে করে সুখের সংসার শুরু করেন। এরপর সংসারে থিতু হবার কারণেই নিজের ক্যারিয়ারে নাটক, টিভিসি ও চলচ্চিত্রের কাজের ক্ষেত্রে দীর্ঘ বিরতি নেন। গণমাধ্যমেও তাকে নিয়ে বিভিন্ন বুলী করা হয়েছে। সে বিষয়েও অকপটে বলতে চান অভিনেত্রী শখ। একই সঙ্গে ক্যারিয়ারের আগামী পরিকল্পনা নিয়ে কথা বলবেন তিনি। বর্তমানে বেশ কিছু ইভেন্ট, নাটক ও টিভিসির কাজের জন্য প্রস্তুতি নিচ্ছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *