দিতির কবর জিয়ারত করে ফেসবুকে যা লিখলেন ওমর সানী

বিনোদন ডেস্ক- দেশীয় চলচ্চিত্রের একজন জনপ্রিয় নায়িকা ছিলেন পারভীন সুলতানা দিতি। অভিনয় গুণে লাখো মানুষের হৃদয় জয় করেছেন এই অভিনেত্রী।

 

২০১৬ সালের ২০ মার্চ মস্তিষ্কে ক্যান্সারজনিত কারণে পৃথিবী থেকে বিদায় নেন তিনি। শেষ ইচ্ছা অনুযায়ী, নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার দত্তরপাড়া গ্রামে পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত আছেন দিতি।

 

গতকাল (১২ নভেম্বর) নারায়ণগঞ্জে কামাল নামে একজনের বাড়িয়ে গিয়েছিলেন নব্বই দশকের জনপ্রিয় নায়ক ওমর সানি। সেখানে গিয়ে তার মনে পড়ে প্রয়াত দিতির কথা। দেরি না করে চলে যান দিতির কবরের কাছে। প্রিয় অভিনেত্রীর কবর জিয়ারত করে তার আত্মার শান্তি কামনা করেন তিনি। এ সময় তার সঙ্গে ছিলেন পরিচালক জাহিদ হোসেন, আরিফসহ আরও কয়েকজন।

 

সেই মুহূর্তে তোলা দুটি ছবি ফেসবুকে পোস্ট করে ওমর সানি লিখেছেন, ‘সোনারগাঁও যেতেই মনে হল আমাদের অভিনেত্রী দিতি আপার কবর নিকটে, মিস করলাম না চলে গেলাম শ্রদ্ধা জানাতে। আল্লাহ তাকে জান্নাত নসিব করুন। ওখানে গিয়ে ভীষণ শান্তি পেলাম।’

 

সহশিল্পীর প্রতি ওমর সানীর এমন শ্রদ্ধাবোধ সবার বাহবা পাচ্ছে। সিনেমা সংশ্লিষ্টরা তার পোস্টে দিতির আত্মার জন্য যেমন দোয়া করছেন, আবার তাকেও ধন্যবাদ দিচ্ছেন।

 

উল্লেখ্য, দিতির জন্ম ১৯৬৫ সালের ৩১ মার্চ সোনারগাঁওতে। তিনি সিনেমার জগতে পা রাখেন ১৯৮৪ সালে ‘নতুন মুখের সন্ধানে’ কর্মসূচির মাধ্যমে। তার অভিনীত প্রথম সিনেমা উদয়ন চৌধুরী পরিচালিত ‘ডাক দিয়ে যাই’। তবে তার মুক্তিপ্রাপ্ত প্রথম ছবি ‘আমিই ওস্তাদ’। পরবর্তীতে দুই শতাধিক সিনেমায় অভিনয় করেছিলেন দিতি। অভিনয়ের জন্য তিনি একবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *