বিনোদন ডেস্ক- টলিউড অভিনেত্রী ও সাংসদ নুসরাত জাহান আড়াই মাস হলো মা হয়েছেন। গর্ভধারণের পর থেকেই তাকে নিয়ে সমালোচনার শেষ নেই! তার আগত সন্তানের বাবা কে এই নিয়ে সবার মনেই ছিল ধোঁয়াশা! যদিও পরবর্তীতে বিষয়টি খোলাসা করেছেন। ব্যক্তিগত জীবন হোক বা রাজনৈতিক নুসরাত জাহান সত্যিই যেন এক খোলা বইয়ের পাতা।
তার নামের সঙ্গে বিতর্ক হয়তো সবসময়ই জড়িয়ে থাকে। তবুও নিজের ফিল্মি ক্যারিয়ারে সফল তিনি। এমনকি তার রাজনৈতিক জীবনও বেশ ইতিবাচক। নুসরাতের মা হওয়ার খবর ছড়িয়ে পড়ার পর থেকে এখন পর্যন্ত তার খুঁটিনাটি বিষয় সম্পর্কে আগ্রহী সবাই!
এরপর থেকে যেন সাহসী নুসরাত নিজেকে আরও আরও মেলে ধরেছেন। অন্তঃস্বত্ত্বা অবস্থায় ফটোশুট থেকে শুরু করে বান্ধবীদের সঙ্গে ছবি সব জায়গাতেই উজ্জ্বল নুসরাতকে দেখা গেছে। অন্তঃস্বত্ত্বা অবস্থাতেও তিনি কীভাবে এতো গ্ল্যামারাস ও ফিট ছিলেন সে বিষয়েও অনেকেই মন্তব্য করেছেন। আবার অনেকেই বলেছেন সন্তান হলেই সব ফিটনেস চলে যাবে।
তবে আশ্চর্যের বিষয় হলো, সন্তান হওয়ার পরও নুসরাত যেন ঠিক আগের মতোই আছেন! শরীরে জমেনি বাড়তি মেদ। চেহারার উজ্জ্বলতাও যেন অনেকটা বেড়েছে। একই সঙ্গে আরও আত্মবিশ্বাসী হয়ে নিজের ছবি ইনস্টাগ্রামে একের পর এক পোস্ট করছেন এই নায়িকা।
মা হওয়ার পরপরই নুসরাতকে দেখে সবাই তো রীতিমতো অবাক হয়ে গিয়েছেন। সব ছবিতেই নুসরাতের একদম ফ্রেশ লুক। এবার স্পোর্টস ব্রা আর জিম প্যান্টে ছবি পোস্ট করতেই মিলল নতুন আখ্যা। নুসরাত অনুরাগীরা প্রিয় অভিনেত্রীর নতুন নাম দিলেন ফিটনেস কুইন।
বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন নুসরাত। তাতে স্পষ্ট বেলি-ফ্যাট কার্যত উধাও তার। অথচ অভিনেত্রী এর আগে সাক্ষাৎকারে জানিয়েছিলেন এই মুহূর্তে তিনি জিমে একেবারেই যাচ্ছেন না। ডায়েটও যে মেনে চলছেন এমনটা নয়। প্রশ্ন উঠছে নুসরাতের এই ওজন কমানোর রহস্যের চাবিকাঠি তবে কি নিয়মমেনে হাঁটা?
প্রসঙ্গত, মাতৃত্ব পরবর্তী ওজন বৃদ্ধির কারণে শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে ট্রোলিংয়ের মুখে পড়তে হয়েছে এর আগে। শুভশ্রী অবশ্য জানিয়েছিলেন, সেই সব ট্রোলে তিনি খুব একটা চিন্তিত নন। অন্যদিকে, নুসরতের ক্ষেত্রে ওজন ব্রিধি নিয়ে ট্রোলিংয়ের সম্মুখীন হতে না হলেও, তার ব্যক্তিগত জীবন নিয়ে চর্চায় নেটিজেনদের একটা বড় অংশ।
নুসরাত অভিনেত্রী। তিনি সাংসদও। তবে আর কিছুদিনের মধ্যেই অভিনেত্রী-সাংসদ পরিচয়ের বাইরেও আরও এক নতুন ভূমিকায় দেখা যাবে নুসরাতকে। এক বেসরকারি এফএম চ্যানেলের এক টক শো হোস্ট করতে চলেছেন তিনি। শোর নাম ‘ইশক উইদ নুসরাত’। হিন্দিতে এই টক শো সঞ্চালনা করেন করিনা কাপুর খান। এই শোতেই নুসরাতের অতিথি হয়ে আসতে দেখা যাবে মদন মিত্র, ঋতাভরী চক্রবর্তী, যশ দাশগুপ্তসহ অনেককেই। নুসরাতের প্রশ্নের মুখে পড়তে হবে তাদের সবাইকে। ছাড় পাবেন না কেউই। রিল আর রিয়েল কোথাও গিয়ে কি মিশে যাবে যশ-নুসরাতের জীবনে?
দিন কয়েক আগেই ছেলে ঈশানের ছবি প্রকাশ্যে এনেছিলেন বাবা-যশ। দিন যত এগিয়েছে সম্পর্ক নিয়েও তত বেশি মন খুলে কথা বলেছেন নুসরাত ও যশ। নুসরাত জানিয়েছেন তার সন্তানের বাবা যশ। বাবা হিসেবে যশ কেমন? নুসরাত শিক্ষক হলে সেই মার্কশিটে যশ বাবা হিসেবে কত নম্বর পাবেন?
এই নিয়ে নুসরাতের উত্তর, যশ ইজ অ্যান অ্যামেজিং ফাদার। ও আছে বলেই আমি সবটা সামলে নিতে পারছি। আমি যখন শুটিংয়ে বের হচ্ছি তখন ঈশানকে দেখে রাখছে ও। আবার ও যখন শুটিংয়ে বের হচ্ছে তখন ঈশানকে দেখছি আমি। যদি নম্বর দিতেই হয় তবে বাবা হিসেবে যশকে আমি দশের মধ্যে এগার দেব আমি। ঈশান যশকে বাবা হিসেবে পেয়ে ভাগ্যবান।
