সন্তান কোলে বিয়ের পিঁড়িতে বসছেন অভিনেত্রী পূজা

বিনোদন ডেস্ক- এক বছর বয়সী ছেলেকে কোলে নিয়ে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন টলিউড অভিনেত্রী পূজা ব্যানার্জি ও কুণাল ভর্মা। আজ (শনিবার) থেকে গোয়ায় শুরু হবে পূজা-কুণালের বিয়ের আচার-অনুষ্ঠান। এতে থাকছে সঙ্গীত, মেহেন্দি, গায়ে হলুদ, দধিমঙ্গল। কোনো আচারই বাদ পড়বে না বলে জানান পূজা।

 

নায়িকা বলেন, ‘কাগুজে বিয়েতে মন ভরে না! গায়ে হলুদ, মেহেন্দি, সাতপাক ঘোরা, মালাবদল- এসব না হলে কি চলে?’ সেই স্বপ্ন পূরণ করতে কেমন আয়োজন হচ্ছে গোয়ায়।

 

পূজার কথায়, সব মেয়ের মতো তিনিও ছোট থেকে স্বপ্ন দেখতেন, পালকি চেপে বিয়ের আসরে যাবেন। সেটাই হবে। তিনি সাজবেন লাল বেনারসিতে। মালা, চন্দন, গয়নায়। আর কুণাল? ‘একদম বাঙালি বর। আমার আবদার মেনে ধুতি-পাঞ্জাবি-টোপর সব পরবে। এখন থেকেই ধুতি পরা নিয়ে বেশ চিন্তায় আছে। ধুতি যদি সামলাতে না পারে!’

 

পূজা বলেন, বিয়ের অনুষ্ঠানে থাকবে ছেলে কৃষভ, ছেলেই এই অনুষ্ঠানের মধ্যমণি। মা বাবার বিয়ে দেখবে কৃষভ, ওর কী প্রতিক্রিয়া দেয় সেটাই দেখতে হবে।

 

ইতোমধ্যেই দেবের ‘চ্যালেঞ্জ টু’ ছবির নায়িকা পূজা ছেলেকে নিয়ে পাড়ি দিয়েছেন গোয়ার উদ্দেশে। তার ইনস্টাগ্রাম স্টোরি বলছে, এক ফাঁকে হাতের যত্ন নিয়েছেন ম্যানিকিওর করে। রবিবার এই হাতেই ফুটে উঠবে মেহেন্দির রং!

 

বাঙালি মতে বিয়ে হলেও গোয়ায় বাঙালি খানা কোথায় মিলবে? এই নিয়ে হালকা আফসোস আছে পূজারও। তনি জানিয়েছেন, কলকাতার রসগোল্লা আর সন্দেশ দিয়েই আপাতত সেই ফাঁক ভরানোর চেষ্টা করবেন তিনি।

 

প্রসঙ্গত, ২০২০ সালে তাড়াহুড়ো করে কোর্ট ম্যারেজ করেন কুণাল ও পূজা। তারপর কোভিড ও লকডাউনে কেটে গেছে একবছর। অনুষ্ঠান করে বিয়ে করতে পারেনি এই দম্পতি। এবার সেই ইচ্ছেই পূরণ হচ্ছে পূজা ও কুণালের। আগামী ১৫ নভেম্বর বিয়ে করতে চলেছেন তারা। গত জুন মাসেই ছেলে কৃষভ ও বর কুণালকে নিয়ে কলকাতায় এসেছিলেন এই অভিনেত্রী। যদিও গত বছরের ১৫ নভেম্বর বিয়ে হওয়ার কথা ছিল পূজা ও কুণালের। অবশেষে একবছর পর সাত পাকে বাঁধা পড়তে যাচ্ছে এই টালি জুটি।

 

পূজা টেলিভিশনে কাজ করার পাশাপাশি বাংলা সিনেমাতে কাজ করেছেন। দেব, সোহমের বিপরীতে নায়িকা হয়ে কাজ করেছেন তিনি। বাংলায় ‘হইচই আনলিমিটেড’, ‘লভেরিয়া’, ‘চ্যালেঞ্জ ২’ ছবিতে অভিনয় করেছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *