ট্রেনে ভাড়া বাড়ানোর বিষয়ে যা বললেন রেলমন্ত্রী

নজর২৪, ঢাকা- ডিজেলের দাম বাড়ায় বাস ভাড়া বাড়িয়েছে সরকার। তবে বাংলাদেশ রেলওয়ে এই মুহূর্তে ট্রেনে যাত্রী ও পণ্য পরিবহন ভাড়া বাড়াচ্ছে না।

 

শনিবার (১২ নভেম্বর) সকালে রাজধানীর কমলাপুর রেলস্টেশনে সাংবাদিকদের এই তথ্য জানান রেলমন্ত্রী মো. নুরুল ইসলাম সুজন।

 

দীর্ঘদিন বন্ধ থাকা ব্রাহ্মণবাড়িয়া স্টেশনে আন্তঃনগর ট্রেনের যাত্রা বিরতি পুনরায় চালু করা উপলক্ষে রেলমন্ত্রী কমলাপুর স্টেশনে যান।

 

এসময় তিনি বলেন, রেল একটি সেবামূলক প্রতিষ্ঠান। আমরা জনগণের সেবা দিয়ে যাচ্ছি। রেলওয়ের সার্বিক উন্নয়নের মাধ্যমে জনগণকে একটি সহজ এবং আরামদায়ক সেবা প্রদানে আমরা অঙ্গীকারাবদ্ধ।

 

রেলমন্ত্রী বলেন, গত ২৬ মার্চ ব্রাহ্মণবাড়িয়া স্টেশনে কর্তব্যরত স্টেশনমাস্টারের রুম, অপারেটিং রুম, ভিআইপি রুম, প্রধান বুকিং সহকারীর রুম, টিকিট কাউন্টার, প্যানেল বোর্ড, সিগন্যালিং যন্ত্রপাতি, পয়েন্টের সিগন্যাল বক্স, লেভেল ক্রসিং গেটসহ অন্যান্য স্থাপনা ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় বাংলাদেশ রেলওয়ের আড়াই কোটি টাকার ক্ষতি হয়। ওই ঘটনার পরদিন থেকে ব্রাহ্মণবাড়িয়া স্টেশনে সকল আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতি বাতিল করা হয়। দীর্ঘ প্রায় আটমাস পরে এটি আবার চালু করা হচ্ছে।

 

তিনি বলেন, পূর্বে যেভাবে যাত্রাবিরতি ছিল আজ থেকে একইভাবে যাত্রাবিরতি করবে। স্টেশনে ১৪টি আন্তঃনগর, আটটি মেইল এবং চারটি কমিউটার ট্রেনের যাত্রাবিরতি রয়েছে।

 

নূরুল ইসলাম সুজন বলেন, যারা স্বাধীনতাবিরোধী, যারা বাংলাদেশ চায় না- তারাই এ ধরনের ঘটনা ঘটিয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। এ সময় ট্রেনে ঢিল ছোড়া রোধে জনগণকে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।

 

উদ্বোধনী অনুষ্ঠানে রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. সেলিম রেজা, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক ধীরেন্দ্রনাথ মজুমদারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *