বিনোদন ডেস্ক- টলিউডের জনপ্রিয় অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। এবার জুুটি বেঁধে অভিনয় করছেন এপার বাংলার অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলার সঙ্গে। ‘আয় খুকু আয়’ সিনেমায় দেখা যাবে তাদের। এই খবর বেশ আলোচনার জন্ম দিয়েছে টলিপাড়ায়।
জানা গেছে, আগামী ১৫ নভেম্বর থেকে ছবিটির শুটিং শুরু হবে।
আনন্দবাজার সূত্রে আরও জানা যায়, অভিনেতা জিৎ এই ছবির প্রযোজক। পরিচালনায় করবেন শুভেন্দু কুণ্ডুর। তাদের টিমে থাকবেন এক ঝাঁক অভিনয়শিল্পী। তালিকায় আছেন সোহিনী সেনগুপ্ত, দিতিপ্রিয়া রায়, বুদ্ধদেব ভট্টাচার্য, সত্যম ভট্টাচার্য, শঙ্কর দেবনাথ এবং রাহুল দেব বোস।
এই ছবিতে আবার হেমন্ত মুখোপাধ্যায়-শ্রাবন্তী মজুমদারের একদা বিপুল জনপ্রিয় গান ‘আয় খুকু আয়’ শোনা যাবে। ধারণা করা হচ্ছে গানটি গাইবেন শ্রীকান্ত আচার্য।
পরিচালক শুভেন্দু কুণ্ডুর ছবিটি নিয়ে বলেন, ‘শহুরে বাবা-মেয়ে নয়, আমার ছবি শোনাবে গ্রাম-গঞ্জের বাবা-মেয়ের কাহিনি। এমনটা এর আগে কখনো সিনেমায় হয়নি!’
তিনি জানান, বোলপুরের আশপাশে লোকেশন এবং কলকাতায় হবে ‘আয় খুকু আয়’ সিনেমার দৃশ্যায়ন।
সিনেমার প্রথম লোগো প্রকাশ্যে এসেছে গত শুক্রবার। লোগো জুড়ে সিনেমার নাম। ‘খুকু’ শব্দের মাথায় কুমকুম টিপ। তাকে ঘিরে চন্দনের সূক্ষ কারুকাজ। ‘আয়’ শব্দে গাছকৌটোর ছবি।
পুরোটাই যেন ভাসছে পদ্মপাতায়। টলমল করছে শিশিরবিন্দুর মতোই! এ ভাবেই অনেক ‘কথা’ বার্তা হয়ে পৌঁছে গিয়েছে সিনেপ্রেমীদের কাছে।
