স্পোর্টস আপডেট ডেস্ক- দেশের আলোচিত ও বিতর্কিত চিত্রনায়িকা পরীমনি অভিনীত ও মুক্তি প্রতিক্ষীত পরবর্তী সিনেমা ‘মুখোশ’। পরিচালক ইফতেখার শুভ। এটি নির্মিত হয়েছে নির্মাতা শুভরই ‘পেইজ নাম্বার ৪৪’ উপন্যাস অবলম্বনে।
এখানে পরীমনির বিপরীতে আছেন জিয়াউল রোশান। আরও আছেন জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। এতে একজন সাংবাদিক চরিত্রে অভিনয় করেছেন পরীমনি।
স্বাভাবিক কারণেই দর্শকদের আগ্রহের শীর্ষে তরুণ পরিচালক ইফতেখার শুভর ‘মুখোশ’। পরীমনি যে মাদক মামলায় গ্রেপ্তার হয়েছিলেন, এ খবর সবারই জানা। টানা এক মাস তার পক্ষে-বিপক্ষে উত্তাল ছিল দেশের নেটমাধ্যম। নানা জটিলতার পর জামিনে মুক্তি পান তিনি। দ্রুত অভিনয়েও ফেরেন। কারামুক্তির পর পরীমনির প্রথম কাজ এই ‘মুখোশ’ সিনেমাটির ডাবিং।
এই সিনেমাটি সরকারি অনুদানপ্রাপ্ত। করোনা মহামারির কারণে এর শুটিংসহ অন্যান্য কাজ ধীর গতিতে সম্পন্ন হয়েছে। তবে এবার দ্রুত মুক্তির পথে। পরিচালক ইফতেখার শুভ গণমাধ্যমকে জানিয়েছেন, ১৫ নভেম্বর প্রকাশ হতে চলেছেন তার সিনেমার প্রথম ঝলক।
এদিকে ‘মুখোশ’ পরিবেশনার দায়িত্ব নিয়েছে কপ ক্রিয়েশন। গত (১০ নভেম্বর) কপ ক্রিয়েশনের পরিবেশনা ম্যানেজিং পার্টনার মাশফিকুর রহমান ও ইফতেখার শুভর মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়। এ সময় উপস্থিত ছিলেন কপ ক্রিয়েশনের সানী সানোয়ার।
এ প্রসঙ্গে ইফতেখার শুভ বলেন, ‘কপ ক্রিয়েশনের মতো প্রডাকশন হাউজ ‘মুখোশ’ পরিবেশনার দায়িত্ব নিয়েছে, এটা আমার জন্য আনন্দের। এ জন্য প্রযোজক সানী সানোয়ার ভাইকে ধন্যবাদ। আশাকরি আমরা যৌথভাবে সকল দর্শকের কাছে খুব সহজেই সিনেমাটি পৌঁছে দিতে পারব।’
সানী সানোয়ার বলেন, ‘মানসম্পন্ন সিনেমার যথাযথ পরিবেশনা নিশ্চিত করার সংকল্প নিয়ে কপ ক্রিয়েশন অভিজ্ঞতাসম্পন্ন একদল পেশাদার লোকের সমন্বয়ে কাজ করছে। এ ক্ষেত্রে ‘মুখোশ’ আমাদের ইন-হাউজ সিনেমার বাইরে প্রথম সিনেমা। আশাকরছি সিনেমাটি সাফল্য পাবে।’
