শখ করে লুঙ্গি পরি, কিন্তু খুলে যায়: শাকিব খান

বিনোদন ডেস্ক- ঢাকাই সিনেমার সিংহাসনে প্রায় এক যুগেরও বেশি সময় ধরে সাফল্যের সঙ্গে বসে আছেন শাকিব খান। বছরের ব্যবসা সফল ছবির মধ্যে সবসময় এগিয়ে থাকে তার ছবি। তাকে ভালোবেসে কেউ কেউ ঢালিউড কিং বলে ডাকেন। তার জনপ্রিয়তা, প্রভাব নতুন করে বলারও কিছু নেই। তারকাখ্যাতিতে সমৃদ্ধ এই নায়কের জীবন-যাপন কেমন? তিনি কি অন্যসব সাধারণ মানুষের মতই? নাকি ব্যক্তি জীবনেও মেনে চলেন নায়কোচিত ব্যাপার-স্যাপার?

 

এসব প্রশ্নের উত্তর কিছুটা আঁচ করা গেল বৃহস্পতিবার (১১ নভেম্বর) রাতে। একটি লাইভ অনুষ্ঠানেই তিনি নিজের সম্পর্কে মজাদার কিছু তথ্য শেয়ার করেছেন। যেটার মাধ্যমে বোঝা যায়, দর্শকদের কাছে তারকা হলেও শাকিব ব্যক্তিজীবনে সাধারণ থাকার চেষ্টা করেন। সবার মতো তিনিও মাঝেমধ্যে লুঙ্গি পরেন। মায়ের হাতের রান্না খেতে পছন্দ করেন।

 

অনুষ্ঠানে তার কাছে জানতে চাওয়া হয়, লুঙ্গি নাকি শর্টস কোনটা পরতে বেশি আরামদায়ক লাগে? উত্তরে শাকিব বলেন, ‘লুঙ্গি আমি অনেক শখ করে পরি। যদিও খুব একটা ভালো পরতে পারি না। মাঝেমাঝেই খুলে যায়। এজন্য শর্টস পরতেই স্বাচ্ছন্দ্যবোধ করি।’

 

একটি ই-কমার্স প্রতিষ্ঠানের বিশেষ আয়োজনে অতিথি হয়েছেন শাকিব খান। এই আয়োজনের বিভিন্ন পর্বে আরও অতিথি হয়েছেন জয়া আহসান, সোহানা সাবা, ইফতেখার রাফসান, তারকা দম্পতি শাওন-টয়া, মেহজাবীন চৌধুরী, আফরান নিশো ও অপু বিশ্বাসের মতো তারকারা।

 

শেষ দিনের স্পেশাল পর্বে হাজির হন শাকিব। সাধারণত তিনি সিনেমার বাইরে খুব একটা দেখা দেন না। মাঝেমধ্যে দু’একটা বিজ্ঞাপনচিত্রে অভিনয় করেন। কিন্তু টিভি কিংবা অনলাইন অনুষ্ঠানে তিনি অমাবস্যার চাঁদের মতো। এ জন্য বৃহস্পতিবারের লাইভটি তার ভক্তদের জন্যও ছিল কাঙ্ক্ষিত।

 

এই অনুষ্ঠানে শাকিব আরও জানান, তিনি দেশের পাশাপাশি লন্ডন, ইউরোপ ও থাইল্যান্ডে শুটিং করতে পছন্দ করেন। দেশের কক্সবাজার, সিলেট, বান্দরবান তার প্রিয় শুটিং লোকেশন। এছাড়া সম্প্রতি আরও একটি জায়গা যুক্ত হয়েছে তার পছন্দের তালিকায়। সেটা জামালপুর। যেখানে তিনি কিছু দিন আগেই ‘গলুই’ সিনেমার শুটিং করে এসেছেন।

 

মায়ের হাতের কোন রান্না শাকিবের প্রিয়? এ প্রশ্নের জবাবও দিয়েছেন নায়ক। বলেছেন, মায়ের হাতের সব রান্নাই প্রিয় তার। তবে বিশেষ পছন্দ বিরিয়ানি।

 

এদিকে বৃহস্পতিবার রাতে ওই লাইভ শো করে আজ শুক্রবার সকাল ৭টায় টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে যুক্তরাষ্ট্রের উদ্দেশে উড়াল দিয়েছেন শাকিব খান। জানা যায়, সেখানে তিনি বেশ কয়েকদিন থাকবেন।

 

মার্কিন মুল্লুকের নিউ ইয়র্ক শহরে ১৪ নভেম্বর বসতে যাচ্ছে উপমহাদেশের সবচেয়ে বড় মিউজিক অ্যাওয়ার্ড অনুষ্ঠান ‘ঐক্য-চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড ২০২১’র আসর। স্বাধীনতার ৫০ বছর উপলক্ষে ওই অনুষ্ঠানের অন্যতম অতিথি হলেন শাকিব খান।

 

স্বাধীনতার ৫০ বছরকে স্মরণীয় করে রাখতে এবার নিউ ইয়র্কে বসছে ‘ঐক্য-চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড। শাকিব খানের সঙ্গে ঢাকা ছেড়েছেন আফজাল হোসেন, রফিকুল আলম, ফাহমিদা নবী, নকীব খান, কুমার বিশ্বজিৎ, মানাম আহমেদ, সামিনা চৌধুরী, রেজওয়ানা চৌধুরী বন্যা, ফেরদৌস আরা, এস আই টুটুল, কোনাল, সাংবাদিক মনজুর কাদের জিয়া সহ ২০ জনের মতো তারকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *