ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি- টাঙ্গাইলের ভূঞাপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে তিন কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (১২ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের রহুলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হচ্ছে- উপজেলার রুহলী গ্রামের বাছেদের ছেলে মকবুল হোসেন (১৫), একই উপজেলার মাটিকাটা এলাকার ইলিয়াসের ছেলে রাকিব (১৬) ও একই এলাকার মৃত রশিদের ছেলে আসাদুল (১৬)। তারা সবাই পরিবহন শ্রমিক।
ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল ওহাব বিষয়টি নিশ্চিত করে করে জানান, দুপুরে তিন বন্ধু মোটরসাইকেলে ঘোরার সময় বিদ্যালয়ের দেয়ালে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।
প্রত্যক্ষদর্শী বিদ্যুৎ খান বলেন, ‘গতকাল মকবুল নিজের টাকায় একটি অ্যাপাচি আরটিআর বাইক কেনে। সকালে সেই মোটরসাইকেলে তার দুই বন্ধুকে নিয়ে ঘুরতে বের হয়। তাদের কারো মাথায় হেলমেট ছিল না।
‘বিভিন্ন এলাকা ঘুরে ভূঞাপুরের রুহুলি উচ্চ বিদ্যালয়ের সামনের মোড় ঘোরার সময় স্কুলের দেয়ালের সঙ্গে ধাক্কা লাগে। আমরা তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তিনজনকেই মৃত ঘোষণা করেন।’
ওসি ওহাব জানান, মরদেহ তিনটি থানায় রাখা হয়েছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে ময়নাতদন্ত করা হবে।
