বিনোদন ডেস্ক- কান চলচ্চিত্র উৎসব মাতিয়ে বাংলাদেশের সিনেমা হলে মুক্তি পেল আবদুল্লাহ মোহাম্মদ সাদের আলোচিত সিনেমা ‘রেহানা মরিয়ম নূর’। আজ শুক্রবার থেকে সারাদেশের দশটি প্রেক্ষাগৃহে একযোগে মুক্তি মুক্তি পেয়েছে আজমেরী হক বাঁধন অভিনীত ছবিটি।
বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে মর্যাদাপূর্ণ উৎসব কান ফেস্টিভ্যালের ৭৪তম আসরে সম্মানজনক জায়গা পায় ‘রেহানা মরিয়ম নূর’। প্রথমবারের মতো বাংলাদেশি চলচ্চিত্র হিসেবে অফিসিয়াল সিলেকশন বিভাগ ‘আঁ সার্তে রিগা’-তে স্থান পেয়ে সিনেমাটি ইতিহাস গড়ে।
‘রেহানা মরিয়ম নূর’ সিনেমার গল্প আবর্তিত হয়েছে মেডিক্যাল কলেজের একজন সহকারী অধ্যাপককে ঘিরে। যিনি পরিবার ও কর্মস্থল সামলাতে গিয়ে বেশ জটিল জীবনযাপন করেন।
এখানে নাম ভূমিকায় অভিনয় করেছেন বাঁধন। এছাড়াও সিনেমাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সাবেরী আলম, আফিয়া জাহিন জায়মা, আফিয়া তাবাসসুম বর্ণ, কাজী সামি হাসান, ইয়াছির আল হক, জোপারি লুই, ফারজানা বীথি, জাহেদ চৌধুরী মিঠু, খুশিয়ারা খুশবু অনি, অভ্রদিত চৌধুরী প্রমুখ।
কানের পর মেলবোর্ন চলচ্চিত্র উৎসব, বিএফআই লন্ডন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, হংকং এশিয়া চলচ্চিত্র উৎসব, বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, সিডনি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবসহ মোট ১৩টি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে ‘রেহানা মরিয়ম নূর’।
এদিকে এশিয়া প্যাসিফিক স্ক্রিন অ্যাওয়ার্ডসে (অ্যাপসা) ‘রেহানা মরিয়ম নূর’ সেরা সিনেমা হিসেবে পুরস্কার জিতেছে। একইসঙ্গে সেরা অভিনেত্রী নির্বাচিত হয়েছেন আজমেরী হক বাঁধন। বৃহস্পতিবার (১১ নভেম্বর) অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের গোল্ড কোস্ট শহরে অ্যাপসার ১৪তম আসরের বিজয়ীদের তালিকা ঘোষণা করেছে। ২৫টি এশিয়া প্যাসিফিক দেশের মোট ৩৮টি সিনেমা অংশ নিয়েছে এই আয়োজনে।
বুধবার (১০ নভেম্বর) মহাখালী স্টার সিনেপ্লেক্সে সিনেমাটির বিশেষ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। এতে সিনেমার কলাকুশলীদের সঙ্গে সংবাদকর্মীরাও উপস্থিত ছিলেন। প্রদর্শনী শেষে বাবা এবং মেয়ে জড়িয়ে ধরে কেঁদে ফেলেন আজমেরী হক বাঁধন।
ঢাকার স্টার সিনেপ্লেক্স-বসুন্ধরা সিটি, স্টার সিনেপ্লেক্স-মিরপুর, ব্লকবাস্টার-যমুনা ফিউচার পার্ক, শ্যামলী সিনেমা, সেনা অডিটোরিঢয়াম, মধুমিতা, চট্টগ্রামে সুগন্ধা ও সিলভার স্ক্রিন, নারায়ণগঞ্জে সিনেস্কোপ ও বগুড়ায় মধুবনে সিনেমাটি দেখা যাবে।
