সীমান্তে আবারও বিএসএফের গুলি, ২ বাংলাদেশি নিহত

নজর২৪, লালমনিরহাট- আবারো ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই বাংলাদেশি নিহত হয়েছেন। শুক্রবার (১২ নভেম্বর) ভোর ৫টার দিকে লালমনিরহাটের কালীগঞ্জ সীমান্তে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ দুজনের মরদেহ ভারতের অভ্যন্তরে পড়ে আছে।

 

নিহতরা হলেন- উপজেলার লোহাকুচি এলাকার মালগড়া গ্রামের আলতাফ হোসেনের ছেলে মো. ভাষানি (৪০) ও একই এলাকার মুসলিম উদ্দিনের ছেলে মো. ইদ্রিস আলী (৪২)।

 

বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরজু মো. সাজ্জাদ হোসেন।

 

গোড়ল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মাহামুদুল ইসলাম সংবাদমাধ্যমকে বলেন, গরু আনতে ভারত সীমান্ত অতিক্রম করলে বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলেই তারা নিহত হন।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, ওই সীমান্ত দিয়ে কয়েকজন রাখাল ভারতের অভ্যন্তরে গরু আনতে যান। ভোরে গরু নিয়ে সীমান্ত অতিক্রম করার সময় টহলরত ভারতীয় কোচবিহারের ৭৫ বিএসএফ ব্যাটালিয়ন সাতভান্ডারিয়া ক্যাম্পের সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে দুজন গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে মারা যান।

 

সিলেটের কানাইঘাট উপজেলার ডোনা সীমান্তের নো ম্যানস ল্যান্ডে গত ৩ নভেম্বর বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি প্রাণ হারান। এর ১০ দিন না যেতেই একই ধরনের ঘটনা ঘটল লালমনিরহাটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *