বিনোদন ডেস্ক- গত ৫ নভেম্বর মুক্তি পায় এফ আই মানিক পরিচালিত সিনেমা ‘এ দেশ তোমার আমার’। দেশের ৩০টি প্রেক্ষাগৃহে মুক্তি পায় ছবিটি। সিনেমাটিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন জায়েদ খান। তার নায়িকা হিসেবে আছেন রোমানা হক।
জায়েদ খানের ক্যারিয়ারের এ ছবিটি থার্টিফাইভ মিলিমিটার ফরম্যাটের, পরবর্তী সময়ে এটি ডিজিটাল ফরম্যাটে স্থানান্তর করা হয়। সিনেমায় গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছেন ডিপজল। আরো অভিনয় করেছেন সোহেল রানা, প্রয়াত দিতি, মিজু আহমেদ প্রমুখ।
ছবিটি মুক্তির দিন থেকেই হলগুলো দর্শক খরায় ভুগছে বলে খবর পাওয়া গেছে। মুক্তির কয়েক দিনের মাথায় হল মালিকরা হতাশা প্রকাশ করেন। তাদের দাবি, কেবল মেশিন সচল রাখতেই সিনেমাটি লোকসান দিয়ে চালানো হচ্ছে।
এদিকে বিষয়টি নিয়ে অবশেষে মুখ খুলেছেন চিত্রনায়ক জায়েদ খান। সম্প্রতি গণমাধ্যমকে তিনি বলেন, করোনা মহামারির এই সময়টা বিশ্বজুড়েই চলচ্চিত্রের জন্য চ্যালেঞ্জের। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতে শুরু করেছে। ধীরে ধীরে লোকজন সিনেমা হলে আসতে শুরু করেছে। তার মানে এই না যে এখনই সিনেমার ভালো ব্যবসা হবে। হবে, তবে আমাদের একটু ধৈর্য ধরতে হবে। কারণ এখন মুম্বাইয়েও সিনেমা হলে মানুষজন নেই। হিন্দি সিনেমাতেও খরা চলছে।
চলচ্চিত্রটি ভালো ব্যবসা করছে না, এমন অভিযোগের বিপরীতে জায়েদ খান বলেন, বিশ্বজুড়েই মন্দা চলছে। কিন্তু কেউ যদি বলে একেবারে দেখছে না, তাহলে বলব ভুল। এই দেশে শুক্র, শনিবার সিনেমা হলে লোকজন যায়। অন্যান্য দিন কম যায়। আর মফস্বলেও লোকজন এখন কম যাচ্ছে। আপনি যদি বলেন, আপনার সিনেমায় আজ দর্শক দেখলাম না, তাহলে বলব এটা উদ্দেশ্যপ্রণোদিত। কারণ শুক্রবার, শনিবার দর্শক ছিল কি না এটা আপনি দেখেননি, দেখতে যাননি। এমন একদিন গিয়েছেন, সেদিন দর্শক কম থাকাটাও স্বাভাবিক।
জায়েদ খানের বিরুদ্ধে সব সময়ই অপ্রচার চালায় একটি মহল- এমনটাই মনে করেন তিনি। চলচ্চিত্রশিল্পী সংগঠনের এই নেতা বলেন, একটি মহল আমার পেছনে লেগে নেতিবাচক কথাবার্তা ছড়ায়, বুঝি না এতে লাভ কী হয়? অবশ্য ধরেই নিয়েছি নেগেটিভ মার্কেটিংও একটি মার্কেটিং। তবে মিথ্যাচার না করে, শুক্রবার ও শনিবার আমার ছবিটি কেমন চলেছে, বিভিন্ন হলের ভিডিও ইউটিউবে রয়েছে তা দেখে নিতে পারেন আগ্রহীরা।
