সাদের প্রতি ‘কৃতজ্ঞতা’ প্রকাশ করলেন বাঁধন

বিনোদন ডেস্ক- এশিয়া-প্যাসিফিক স্ক্রিন অ্যাওয়ার্ডে (অ্যাপসা) সেরা জুরি অ্যাওয়ার্ড পেয়েছে রেহানা মরিয়ম নূর সিনেমাটি এবং সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন আজমেরী হক বাঁধন।

 

অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের গোল্ড কোস্ট শহরে বৃহস্পতিবার (১১ নভেম্বর) অ্যাপসা বিজয়ীদের তালিকা ঘোষণা করা হয়। ২৫টি এশিয়া প্যাসিফিক দেশের মোট ৩৮টি ছবি মনোনয়ন তালিকায় ছিলো এবার।

 

এরমধ্যে যৌথভাবে ‘জুরি গ্র্যান্ড প্রাইজ’ (উৎসবের দ্বিতীয় পুরস্কার) জিতে নিয়েছে সাদের ‘রেহানা মরিয়ম নূর’ এবং অস্ট্রেলিয়ার সিনেমা ‘দ্য ড্রোভারস ওয়াইফ: দ্য লিজেন্ড অব মলি জনসন’।

 

উৎসবে সেরা ছবি নির্বাচিত হয়েছে জাপানি নির্মাতা হামাগুসির আলোচিত ছবি ‘ড্রাইভ মাই কার’।

 

এ বছর সেরা অভিনেত্রী বিভাগে ৫ জনকে দেয়া হয়েছিলো মনোনয়ন। রেহানা চরিত্রে দুর্দান্ত অভিনয়ের জন্য শেষ পর্যন্ত সেরা অভিনেত্রীর পুরস্কার অর্জন করেন আজমেরী হক বাঁধন।

 

এর আগে কান চলচ্চিত্র উৎসবের অফিসিয়াল সিলেকশনে বাংলাদেশে প্রথম ছবি হিসেবে জায়গা করে নেয় আব্দুল্লাহ মোহাম্মদ সাদের ‘রেহানা মরিয়ম নূর’। কানসৈকতে প্রশংসিত হন বাঁধন। এবার অ্যাপসার মতো বড় আসর থেকে দুটি পুরস্কার জিতে নেয় ছবিটি। তাও আবার বাংলাদেশে মুক্তির একদিন আগে (১১ নভেম্বর) সেটি প্রকাশ হয়। আর খবরটি প্রথম প্রকাশ হয় ‘রেহানা মরিয়ম নূরের’ প্রিমিয়ার শোতে, বৃহস্পতিবার বিকালে রাজধানীর ফিল্ম আর্কাইভ অডিটোরিয়ামে।

 

এমন প্রাপ্তিতে বাঁধনের প্রতিক্রিয়া এমন, ‘অবশ্যই এটা আমার জন্য চমক ও আনন্দের ব্যাপার। এরকম একটা মর্যাদাসম্পন্ন অ্যাওয়ার্ডস থেকে একসঙ্গে দুটি পুরস্কার ভাবা যায় না। তারচেয়ে বড় বিষয়, এই সুখবরটি পেলাম ছবিটি মুক্তির আগের দিন।

 

আমি মনে করি, এই অর্জন আব্দুল্লাহ মোহাম্মদ সাদের। তিনিই আমাকে রেহানা হিসেবে দর্শকদের সামনে যথাযথভাবে উপস্থাপন করেছেন। আমি তার কাছে কৃতজ্ঞ। নিজেকে ধন্যবাদ দিচ্ছি, এই দীর্ঘ ধৈর্যের পথে হাঁটতে পেরেছি বলে।’

 

তিনি বলেন, “এ পুরস্কার অনেক আনন্দের। অনেক প্রেরণার। ‘রেহানা নূর মরিয়ম’ সিনেমাটি আমাকে নতুন জন্ম দিয়েছে।”

 

উল্লেখ্য, পূর্ব ও দক্ষিণ এশিয়া, অস্ট্রেলিয়া, ও ওশেনিয়া ঘিরে গঠিত এশিয়া-প্যাসিফিক অঞ্চল। এই অঞ্চলের সিনেমা ও শিল্পীদের উৎসাহ দিতেই ২০০৭ সাল থেকে পুরস্কারটি দেওয়া হচ্ছে। এটি প্রদান করে অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড প্রদেশের ব্রিসবেন সিটি কাউন্সিল। অস্ট্রেলিয়ার গোল্ড কোস্ট শহরে অনুষ্ঠিত এই আসরে ২৫টি দেশের ৩৮টি সিনেমা লড়েছে পুরস্কারের জন্য।

 

এর আগে কান চলচ্চিত্র উৎসবে মনোনয়ন পেয়েছিল ‘রেহান মরিয়ম নূর’। প্রিমিয়ারে প্রশংসাও পেয়েছিল ঢের। তবে শেষ পর্যন্ত বিজয়ের হাসি হাসতে পারেননি সংশ্লিষ্টরা। যদিও কানের অফিসিয়াল সিলেকশনে জায়গা পাওয়াই ছিল দেশের ইতিহাসে প্রথম।

 

উল্লেখ্য, ‘রেহানা মরিয়ম নূর’ সিনেমায় বাঁধন ছাড়াও অভিনয় করেছেন সাবেরী আলম, আফিয়া জাহিন জায়মা, আফিয়া তাবাসসুম বর্ণ, কাজী সামি হাসান, ইয়াছির আল হক, জোপারি লুই, ফারজানা বীথি, জাহেদ চৌধুরী মিঠু, খুশিয়ারা খুশবু অনি ও অভ্রদিত চৌধুরী।

 

পোটোকল ও মেট্রো ভিডিও’র ব্যানারে সিনেমাটি প্রযোজনা করেছেন সিঙ্গাপুরের প্রযোজক জেরেমি চুয়া ও বাংলাদেশের রাজীব মহাজন। শুক্রবার (১২ নভেম্বর) দেশের ১০টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে সিনেমাটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *