Home জাতীয় প্রধানমন্ত্রী বললে আমি আগুনেও ঝাঁপ দেব : মুরাদ

প্রধানমন্ত্রী বললে আমি আগুনেও ঝাঁপ দেব : মুরাদ

0
214

নজর২৪, ঢাকা- তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মুরাদ হাসান বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা চাইলে তিনি আগুনেও ঝাঁপ দেবেন। আজ বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এই কথা জানান তিনি।

 

ব্রিফিংয়ে তথ্য প্রতিমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী দেশে নেই, নির্বাচন হচ্ছে। আমাদের কি দায়িত্বশীল হওয়া উচিত না? আমার দলের নেতা–কর্মীদের এই কমনসেন্সটা কবে গ্রো করবে? একটা মেম্বার না হলে কি হবে, না খেয়ে মারা যাবে? মেম্বার হলেই বা কি হবে? বঙ্গবন্ধু, বঙ্গবন্ধুর কন্যার মতো তার চেয়ে বেশি কাজ করে ফেলবেন? আমি হাত জোড় করে অনুরোধ করছি দাঙ্গা-হাঙ্গামা কইরেন না। আমাদের দলের কালচার এটা না।’

 

ইউনিয়ন পরিষদ নির্বাচনে সহিংসতার ঘটনায় পুলিশ প্রশাসন বা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গাফিলতি দেখছেন কি না, তথ্য প্রতিমন্ত্রীকে সেই প্রশ্ন করেন একজন সাংবাদিক। জবাবে মুরাদ বলেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রী অত্যন্ত নিপাট ভদ্রলোক, বীর মুক্তিযোদ্ধা, দেশপ্রেমিক মানুষ। উনি অত্যন্ত নিবেদিতপ্রাণ, বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী মানুষ এবং প্রধানমন্ত্রীর অত্যন্ত বিশ্বস্ত ও পছন্দের।

 

‘প্রধানমন্ত্রীকে বলতে শুনেছি একাধিকবার, “আমার স্বরাষ্ট্রমন্ত্রী অনেক ভালো, কথা কম বলেন, যখন কথা বলেন অনেক হিসাব করে কথা বলেন।” অতএব তাঁকে নিয়ে সমালোচনা করার কোনো মানসিকতা ও অধিকার রাখি না। আমি এটাই বলতে চাই ওখানে বোধ হয়… এত বড় মন্ত্রণালয়, আমাদের দেশটা তো একেবারে ছোট না। মানুষের সংখ্যাও তো অনেক, ১৭ কোটি। ওখানে বোধ হয় আরও কাউকে দিলে ভালো হতেও পারে, এটুকু বলতে পারি। ওনাকে সহযোগিতা করা প্রয়োজন।’

 

আপনাকে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব দিলে নেবেন কি না , এ প্রশ্নের সরাসরি উত্তর দেননি তথ্য প্রতিমন্ত্রী। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী আমাকে প্রতিমন্ত্রীর মর্যাদা দিয়েছেন। উনি আমার মা। উনি যা বলবেন আমি তাই করব, মাথা পেতে নেব। উনি যদি বলেন আগুনে ঝাঁপ দে মুরাদ, ঝাঁপ দেব।’

 

এসময় তথ্য প্রতিমন্ত্রী বলেন, ইউপি নির্বাচনে হানাহানি, মারামারি, রক্তক্ষয়ী সংঘর্ষ অত্যন্ত বেদনাদায়ক। খারাপ লাগে, কষ্ট লাগে। ব্যর্থ হচ্ছি না, আমাদের মানসিকতার সমস্যা। প্রধানমন্ত্রী দেশে নেই, আমাদের আরও সহনশীল হওয়া উচিত। এ রকম মারামারি হানাহানি আওয়ামী লীগের সংস্কৃতি না।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here