‘অটো পাস’ খারাপ কিছু না, মশকরা করবেন না : দীঘি

বিনোদন ডেস্ক- মহামারি করোনাভাইরাসের কারণে দীর্ঘ দিন দেশের স্কুল-কলেজ বন্ধ থাকায় ছাত্র-ছাত্রীদের গ্রেডের ভিত্তিতে ‘অটো পাস’ দিয়েছে সরকার। বিশেষ পরিস্থিতিতে, বিশেষ বিবেচনায় সরকারের এমন সিদ্ধান্ত।

 

তবু কেউ কেউ ‘অটো পাস’ পাওয়া ছাত্রছাত্রীদের নিয়ে মজা করে কথা বলেন, যা অযৌক্তিক বলে মনে করেন চিত্রনায়িকা ও চলতি বছরে এইচএসসি পরীক্ষার্থী প্রার্থনা ফারদিন দীঘি।

 

আসছে ডিসেম্বরের ২ তারিখ থেকে শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। বিজ্ঞান বিভাগ থেকে তিনি অংশ নেবেন এই পরীক্ষায়। প্রসঙ্গক্রমেই ‘অটো পাস’ নিয়েও কথা বলেন এই নায়িকা।

 

দীঘি বলেন, কোভিডের কারণে সরকার গতবছরের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষার্থীদের অটো পাস দিয়েছেন। বিষয়টি নিয়ে অনেকেই মশকরা করেন! এটা ঠিক না। বিশেষ পরিস্থিতিতে শিক্ষা ব্যবস্থা সচল রাখতে এটা হয়তো প্রয়োজনীয় সিদ্ধান্তই ছিলো, কিন্তু এটা নিয়ে মজা করা একদমই ঠিক না।

 

সম্প্রতি স্টার সিনেপ্লেক্সে চরকি’র ‘খাঁচার ভেতর অচিন পাখি’ ফিল্মের প্রদর্শনীতে উপস্থিত থেকে দীঘি বলেন, ‘বিভিন্নজন বলে থাকে অমুকে অটো পাস। এই অটো পাস বলা অযৌক্তিক লাগে।’

 

দীঘি আরও বলেন, শুটিং বন্ধ থাকলে অনেকদিন পর শুটিংয়ে গেলে ক্যামেরার সামনে আন-ইজি লাগে। পরীক্ষাও অনেকদিন পর হলে একই ফিলিংস হয়। যারা অটো পাস পেয়েছে এটা খারাপ কিছু না। অবস্থা, পরিস্থিতি বুঝতে হবে সবাইকে।

 

স্কুল কলেজ খোলায় জনজীবনে স্বাভাবিকতা ফিরেছে উল্লেখ করে দীঘি বলেন, স্কুল কলেজ খোলা স্বাভাবিক জীবনে ফেরার একটি ধাপ। সবাই আবার ক্লাসে হাজির হচ্ছে। তাই আমি মনে করি পৃথিবী সুস্থ হওয়ায় এবার পরীক্ষা হবে।

 

সিনেমায় অভিনয়ের পাশাপাশি রাজধানীর স্টামফোর্ড কলেজে বিজ্ঞান বিভাগে পড়ছেন দীঘি। আসন্ন উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষায় তিনি বিজ্ঞান বিভাগ থেকে পরীক্ষায় অংশ নেবেন।

 

দীঘি বলেন, এইচএসসি পরীক্ষা নিকটে। এর আগে চাইছি না সিনেমায় ব্যস্ততা থাকুক। ‘শ্রাবণ জোসনা’ সিনেমার কিছু কাজ বাকি। পরীক্ষা দিয়ে বাকি কাজ শেষ করবো।

 

উল্লেখ্য, স্ট্যামফোর্ড কলেজের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী দীঘি। মাঝে পড়াশোনার জন্য অভিনয় থেকে দূরে থাকলেও এখন নিয়মিত। শিশুশিল্পী হিসেবে জনপ্রিয়তা পাওয়ার পর নায়িকার খাতায় নাম লিখেয়েছেন তিনি। এরইমধ্যে ‘তুমি আছো তুমি নেই’ ও ‘টুঙ্গিপাড়ার মিয়াভাই’ নামে তার দুটি সিনেমা মুক্তি পেয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *