বিনোদন ডেস্ক- ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা বিদ্যা সিনহা মিমের জন্মদিন বুধবার (১০ নভেম্বর)। বিশেষ দিনটিতে সারপ্রাইজের জন্য বেছে নিয়েছিলেন মিম। নিশ্চিত করে না বললেও ইঙ্গিত দিয়েছিলেন, জন্মদিনের রাতে বিশেষ মানুষটির সঙ্গে পরিচয় করিয়ে দেবেন।
অবশেষে বিশেষ মানুষের সঙ্গে পরিচয় করিয়ে দিলেন মিম। সামাজিক মাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসের সঙ্গে প্রিয় মানুষটির ছবি শেয়ার করেছেন এ অভিনেত্রী। মিমের প্রিয় মানুষের নাম সনি পোদ্দার। তাদের বাগদানও সম্পন্ন হয়েছে।
ছবির ক্যাপশনে এ অভিনেত্রী লেখেন, আমার সব হাসি তোমার সঙ্গে শুরু হয়েছিল ছয় বছর বছর আগে। আজ একটি বিশেষ দিন, আজ চিরকালের শুরু। এক নতুন অধ্যায়ের সূচনা। অবশেষে এনগেজড।
উল্লেখ্য, ১৯৯২ সালের ১০ নভেম্বর রাজশাহীতে জন্মগ্রহণ করেন মিম। ২০০৭ সালে তিনি একটি সুন্দরী প্রতিযোগিতার মাধ্যমে শোবিজে পা রাখেন। পরের বছর ‘পদ্ম পাতার জল’ দিয়ে নাম লেখান সিনেমায়। এ পর্যন্ত তাকে বেশ কিছু আলোচিত ও সফল সিনেমায় দেখা গেছে।
বর্তমানে মিমের হাতে রয়েছে ‘ইত্তেফাক’ ও ‘অন্তর্জাল’ সিনেমার কাজ। এগুলোর কিছু অংশের শুটিং করেছেন, কিছুটা বাকি রয়েছে। অন্যদিকে মুক্তির অপেক্ষায় রয়েছে তার অভিনীত ‘দামাল’ ও ‘পরাণ’।
