নজর২৪ ডেস্ক- ভারী রক্ষণাবেক্ষণ কাজের জন্য ১০ ডিসেম্বর থেকে ৩১ মে পর্যন্ত প্রতিদিন ৮ ঘণ্টা করে বন্ধ থাকবে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে। দেশি-বিদেশি এয়ারলাইনসগুলোকে পাঠানো এক নির্দেশনায় এ তথ্য জানানো হয়েছে।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এম মফিদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘আগামী ১০ ডিসেম্বর থেকে ৩১ মে পর্যন্ত প্রতিদিন রাত ১২টা থেকে সকাল ৮টা পর্যন্ত বন্ধ থাকবে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। ফলে তখন বিমান ওঠানামা হবে না। এ সময় রানওয়ের অত্যাবশ্যকীয় সংস্কার কাজ করা হবে।’
এ আট ঘণ্টার মধ্যে জরুরি অবতরণের দরকার হলে উড়োজাহাজগুলোকে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে ব্যবহার করতে বলা হয়েছে।
এ বিষয়ে বেসরকারি এয়ারলাইনসের এক কর্মকর্তা বলেন, ‘এ সময়ে থাকা ফ্লাইটগুলো পুনর্বিন্যাস করতে বেবিচক নির্দেশ দিয়েছে।’
করোনাভাইরাস মহামারী শুরুর পর নানা বিধি-নিষেধে গত বছরের শুরুতে সারা বিশ্বেই আকাশপথ সীমিত হয়ে এসেছিল। যাত্রীবাহী অধিকাংশ ফ্লাইট বন্ধ হয়ে গিয়েছিল, চলেছিল শুধু কার্গো ফ্লাইট।
বাংলাদেশেও তাই ঘটেছিল; দেড় বছর গড়ানোর পর এখন অধিকাংশ রুটে বিমান চলাচল শুরু হয়েছে। এর মধ্যেই শাহজালালে রানওয়ে সংস্কার কাজ শুরু হতে যাচ্ছে।
বিমানবন্দর কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, রাত ১২টা থেকে সকাল ৮টার মধ্যে আন্তর্জাতিক ফ্লাইটের ওঠানামা বেশি।
১১ নভেম্বরের শিডিউলে দেখা যায়, রাত ১২টা থেকে সকাল ৮টার মধ্যে ২৫টি ফ্লাইট ছেড়ে যাচ্ছে। এর মধ্যে ১৫টি বিভিন্ন আন্তর্জাতিক গন্তব্যের।
বাংলাদেশ এভিয়েশন ওনার্স অ্যাসোসিয়েশনের উপদেষ্টা এ টি এম নজরুল ইসলাম মনে করেন, মহামারীর সময় সংস্কার কাজটা করলে খুব ভালো হতো। কাজটা যেহেতু জমেই ছিল, ফাঁকা সময়ে তা করে ফেলা যেত।
তিনি গণমাধ্যমকে বলেন, “রাত ১২টা থেকে সকাল ৮টার মধ্যে মূলত আন্তর্জাতিক ফ্লাইটগুলো থাকে। ওই ফ্লাইটগুলোকে অন্য সময়ে সরিয়ে নেওয়া একটা সঙ্কট তো বটেই। বিমানবন্দরে ভিড়ও বাড়বে। করোনার মধ্যে এমনিতেই বাড়তি স্ক্রিনিংয়ের কারণে ভিড় বেশি।
“তবে রানওয়ের কার্পেটিং করাটাও জরুরি। এই সংস্কার কাজটা ছয় মাস আগে মহামারীর মধ্যেও করা যেত। মহামারীর কারণে দীর্ঘ বন্ধ থাকার পর এখন আন্তর্জাতিক যোগাযোগ আবার স্বাভাবিক হচ্ছে। দেশগুলো ভ্রমণের জন্য দ্বার খুলে দিচ্ছে। ডিসেম্বর থেকে ভারত টুরিস্ট ভিসা দেবে। এই সময়টা আবার টুরিস্ট সিজন। এখন আট ঘণ্টা রানওয়ে বন্ধ থাকায় চাপ অনেক বাড়েবে।”
তবে শীতকালে ডিসেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত ভোরের দিকে কুয়াশার কারণে এমনিতেই বিমান ওঠানামা হয় না বলে জানান নজরুল।
রানওয়ে বন্ধ থাকার সময় এক ঘণ্টা কমিয়ে রাত ১টা থেকে করার পরামর্শ দেন তিনি। তাতে আন্তর্জাতিক ফ্লাইটগুলো ছেড়ে যাওয়ার জন্য বেশি সময় পাবে।
