মীরসরাইয়ে ১৬টি ইউনিয়নে ভোট গ্রহন কাল

মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি: আগামীকাল ১১ নভেম্বর মীরসরাই উপজেলার ১৬টি ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে পোস্টার ব্যানারে ছেয়ে গেছে ভোটকেন্দ্রগুলো। ইতিমধ্যে ভোট গ্রহণের জন্য সর্বাত্মক প্রস্তুতি সম্পন্ন করেছে মীরসরাই উপজেলা নির্বাচন অফিস।

 

রিটার্নিং কর্মকর্তার অফিস থেকে প্রিজাইডিং কর্মকর্তা, সহকারী প্রিজাইডিং কর্মকর্তা , পোলিং অফিসারগন ব্যালট বাক্স এবং নির্বাচনী সরঞ্জামাদি নিয়ে কেন্দ্রে পৌঁছে গেছে। সকালে কেন্দ্র গুলোতে আইনশৃঙ্খলাবাহিনীর সহায়তায় পোঁছে যাবে ব্যালট পেপার।

 

মীরসরাইয়ের ১৬ ইউনিয়নের মধ্যে ১৩টিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছে। বাকি ৩টি ইউনিয়ন ইছাখালী, মীরসরাই সদর ও খইয়াছড়া চেয়ারম্যান পদে নির্বাচনসহ ১৬টি ইউনিয়নের সংরক্ষিত ও সাধারন সদস্য পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। চেয়ারম্যান প্রার্থী ৯জন, সংরক্ষিত নারী ওয়ার্ডের ১১৮জন, সাধারণ সদস্য পদে ৪৮৯জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

 

১৪৮ কেন্দ্রের ৯০০টি কক্ষে চলবে ভোট গ্রহণ। ১৬টি ইউনিয়নে প্রিজাইডিং অফিসার ১৪৮, সহ প্রিজাইডিং ৯০০, পোলিং অফিসার ১ হাজার ৮০০, পোলিং এজেন্ট ৪ হাজার ৫০০, প্রার্থীর নির্বাচনী এজেন্ট ১০০জন। ১৬টি ইউনিয়নে পুরুষ ভোটার ১ লক্ষ ৬০ হাজার ৪২৬জন, মহিলা ভোটার ১ লক্ষ ৫৩ হাজার ৩১০জন, মোট ভোটার সংখ্যা ৩ লক্ষ ১৩ হাজার ৭৩৬জন।

 

ইছাখালী ইউনিয়নের আনারস প্রতিকের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ মোস্তফা এবং খৈয়াছড়া ইউনিয়নের ঘোড়া প্রতীকের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী জাহেদ ইকবাল চৌধুরী উপজেলা নির্বাচন কর্মকর্তাসহ সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা ও থানা বরাবর লিখিত আবেদন জানান আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থীর লোকেরা তাদের ভয়ভীতি প্রদর্শন করে হুমকি দিচ্ছেন। ভোটের দিন পথে পথে বাঁধা এবং প্রাননাশের হুমকি দিয়েছেন। এ অবস্থায় স্বতন্ত্র প্রার্থীদের কেন্দ্রে এজেন্ট পাওয়া যাচ্ছে না। এদিকে ইউপি নির্বাচনে উপজেলার বেশিরভাগ কেন্দ্রকেই ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে পুলিশ।

 

মীরসরাই থানার পরিদর্শক (ওসি) মুজিবুর রহমান পিপিএম ও জোরারগঞ্জ থানার পরিদর্শক (ওসি) নুর হোসেন মামুন জানান, যেসব কেন্দ্র ঝুঁকিপূর্ণ চিহ্নিত করা হয়েছে সেখানে সুষ্ঠু ভোট গ্রহনের জন্য পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। কেউ অপ্রীতিকর ঘটনা ঘটাতে চাইলে সে যে দলেরই হোক না কেনো ছাড় দেওয়া হবে না।

 

উপজেলা নির্বাচন কর্মকর্তা ফারুক হোসেন বলেন, অধিক ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে বিশেষ নজর রয়েছে। সেখানে স্পেশাল ফোর্স থাকবে। সুষ্ঠু নির্বাচন করার জন্য আমরা বদ্ধপরিকর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *