বিনোদন ডেস্ক- আবারও প্রমাণিত, গান কাঁটাতারের শাসন মানে না। প্রমাণ করলেন ঢাকাই ছবির আলোচিত নায়িকা পরীমণি। সোমবার রাতে ‘প্রীতিলতা’-র কণ্ঠে শিলাদিত্য মৌলিকের ‘হৃৎপিণ্ড’ ছবির গান। যার সুরকার কলকাতার রণজয় ভট্টাচার্য।
গানের ভিডিও ফেসবুকে পোস্ট করতেই অনুরাগীদের চর্চা শুরু। পরীর কণ্ঠের প্রশংসার পাশাপাশি আলোচিত হচ্ছে সুরকার রণজয়ের নামও। পরীর অন্ধকার ঘরে টুনির রোশনাই। তিনি আবছা গলায় গাইছেন, ‘কেন রোদের মতো হাসলে না!’
নায়িকার জানলার বাইরেও নিঝুম অন্ধকার। দূরে বিন্দু বিন্দু জ্বলছে বহুতলের আলো। পরীমণি এক মনে তাঁর ভালবাসা খুঁজছেন গানে গানে, ‘আমায় ভালবাসলে না, আমার কাছে দিন ফুরালেও আসলে না’…! নায়িকার দৌলতে রণজয় এক লহমায় আন্তর্জাতিক!
সুরকার কি শুনেছেন পরীমণির গান? আনন্দবাজার অনলাইনকে উত্তর দিতে গিয়ে উচ্ছ্বাস চাপতে পারেননি তিনিও। জানালেন, সোমবার রাত থেকে তাঁকে সবাই জানিয়েছেন। কেউ কেউ পরীমণির গাওয়া গানের সূত্রও (লিঙ্ক) পাঠিয়েছেন।
তিনি বলেন, গানটিকে বাংলার সবাই ভালবেসেছেন। সেটা যে বাংলাদেশে পৌঁছবে এবং পরীমণি গাইবেন, ভাবতেই পারিনি! খুব লোভ হচ্ছে বাংলাদেশ আর পরীমণির সঙ্গে কাজ করার।’’
রণজয় আরও বলেন, ‘শিলাদিত্যের “সোয়েটার” ছবির ‘প্রেমে পড়া বারণ’ বাংলাদেশে জনপ্রিয়। এখন মনে হচ্ছে, এই গানটি আগের গানকেও ছাপিয়ে গেল।’
