বিনোদন ডেস্ক- সর্বশেষ ‘স্বপ্নজাল’ সিনেমা দিয়েও প্রশংসিত হয়েছেন নন্দিত নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম। সে সিনেমায় নায়িকা হিসেবে দেখা গিয়েছিলো পরীমনিকে। এবার গিয়াস উদ্দিন সেলিমের ‘গুনিন’ ছবিতে রাবেয়া চরিত্রে দেখা যাবে পরীমনিকে। রাবেয়া চরিত্রটি প্রথমে করার কথা ছিল নুসরাত ফারিয়ার। সম্প্রতি সিনেমাটির শুটিং শেষ হয়েছে।
জাতীয় পুরস্কার প্রাপ্ত এ পরিচালক এক সাক্ষাৎকারে জানালেন, বাংলাদেশের কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের একটি ছোটগল্পের উপর ভিত্তি করে ‘গুণিন’র কাহিনি বোনা হয়েছে। এ দেশের প্রান্তিক মানুষদের কথা বলবে এ ছবি। চার-পাঁচ দিন আগেই ছবির কাজ শেষ করলাম।
পরীমণিকে নিয়ে এখন অনেক বিতর্ক। কাজ করার সময় মনে হয়নি, লোকে কী বলবে? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, না, একেবারেই হয়নি। প্রথমে নুসরাত ফারিয়াকে নেওয়ার কথা ভাবা হয়েছিল। কিন্তু ওর সময় হচ্ছিল না। এরপরই আমি নতুন মুখ খুঁজতে শুরু করি। ঘটনাচক্রে তখনই পরীমণি জামিন পায়। আমার মনে হলো ও চরিত্রটি ভালো করতে পারবে। আর কিছু না ভেবেই ওকে ছবিতে নিই। দেখুন, মানুষের জীবনে বিতর্ক তো থাকবেই। সেগুলোকে পাত্তা দিতে নেই।
কিন্তু নিন্দকেরা বলছেন, বক্স অফিসে সাফল্য পেতেই বিতর্কিত নায়িকাকে নিয়ে কাজ… । বিষয়টি নিয়ে জানতে চাইলে নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম বলেন, আমি কিন্তু এমন কোনো কথা এখনও পর্যন্ত শুনিনি। আর এ পন্থা নিয়েই যদি ছবি হিট করাতে হয়, তা হলে তো অনেক আগেই আমার শাকিব খানকে নিয়ে কাজ করে ফেলা উচিত ছিল। তাই না!
গ্রেফতারের পর পরীমণির মধ্যে কোনো পরিবর্তন লক্ষ্য করেছেন? নির্মাতার উত্তর- ব্যক্তি পরীমণিকে নিয়ে আমি কিছু বলতে চাই না। তবে শিল্পী হিসেবে পরীমণির মধ্যে অনেক পরিবর্তন দেখেছি। ২০১৮ সালে ও আমার সঙ্গে ‘স্বপ্নজাল’ ছবিতেও কাজ করেছিল। আমার মনে হয়, ওর জীবনের এ নেতিবাচক অভিজ্ঞতা ওকে অভিনেত্রী হিসেবে অনেকটা এগিয়ে দিয়েছে। আজ থেকে ১০ বছর পর পরীমণি যে মানের অভিনয় করতে পারত, ও এখনই তা করতে পারছে।
ছবিতে শাকিব খানের মতো তারকাকে দেখা না যাওয়ার কারণও জানালেন গিয়াস উদ্দিন সেলিম। বলেন, তারকাকে দিয়ে ছবি চালানোর ইচ্ছে আমার কখনও ছিল না, ভবিষ্যতেও থাকবে না। আমার গল্পের চরিত্রে যাকে মানাবে, আমি তার সঙ্গেই ছবি করব। যেমন এ চরিত্রের জন্য পরীমণিকে আমার মানানসই মনে হয়েছে, তাই অন্য কোনো বিষয় মাথায় আনিনি।
