নজর২৪ ডেস্ক- জ্বালানি তেলের দাম ২৩ শতাংশ বাড়লেও বাস ভাড়া ৪১ শতাংশ বাড়ানোর প্রস্তাব দিয়েছেন সড়ক পরিবহন মালিকেরা। সিএনজিচালিত হলেও ঢাকা মহানগরিতেও একই হারে বাস ভাড়া বাড়ানোর প্রস্তাব করেছেন তারা। আর ঢাকায় মিনিবাস ভাড়া বাড়ানোর প্রস্তাব করা হয়েছে ৫০ শতাংশ।
বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের সঙ্গে রোববার (০৭ নভেম্বর) বৈঠকে ভাড়া বাড়ানোর এসব প্রস্তাব তুলে ধরেন পরিবহন সংগঠনগুলোর নেতারা। বেলা ১১টার দিকে মহাখালী বিআরটিএ ভবনে পরিবহন নেতাদের বৈঠকে ডাকা হয়। এতে সভাপতিত্ব করছেন বিআরটিএ‘র চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার।
বৈঠক চলমান অবস্থায় দুপুর ২টা ২৫ মিনিটের দিকে বিআরটিএর কাছে তুলে ধরা ভাড়া বাড়ানোর প্রস্তাবের একটি কপি আসে গণমাধ্যমের হাতে। এতে দূরপাল্লার বাস ভাড়া ৪১ শতাংশ বাড়ানোর প্রস্তাব করেছেন পরিবহন মালিকরা। অর্থাৎ আগে প্রতি কিলোমিটার ভাড়া যেখানে ১ টাকা ৪২ পয়সা ছিল এখন সেখানে ২ টাকা চান মালিকরা।
আর মহানগরে বাস ভাড়া ৪১ শতাংশ ও মিনিবাস ৫০ শতাংশ বাড়াতে প্রস্তাব করেছেন মালিকরা। মহানগরে বাস ভাড়া ছিল প্রতি কিলোমিটার ১ টাকা ৭০ পয়সা। এখন তা ২ টাকা ৪০ পয়সা করার প্রস্তাব করেছেন মালিকেরা।
আর মিনিবাসের ভাড়া প্রতি কিলোমিটার ১ টাকা ৬০ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ৪০ পয়সা করার প্রস্তাব রেখেছেন মালিকরা।
বুধবার রাতে সংবাদ বিজ্ঞপ্তিতে ডিজেল ও কেরোসিনের দাম বাড়ানোর বিষয়টি জানায় জ্বালানি মন্ত্রণালয়। লিটারে ১৫ টাকা বাড়ানোর ঘোষণা আসে। রাতেই তা কার্যকর হয়। এর ফলে ডিজেল ও কেরোসিন তেলের নতুন দর হয় প্রতি লিটার ৮০ টাকা; যা এতদিন ছিল ৬৫ টাকা।
ডিজেল ও কেরোসিনের মূল্যবৃদ্ধিতে জীবনযাত্রার ব্যয় ও পরিবহন ভাড়া বেড়ে যাওয়ার শঙ্কা তৈরি হচ্ছে। ট্রাক, বাসসহ পরিবহনের জ্বালানি হিসেবেই ডিজেলের ব্যবহার সবচেয়ে বেশি। সংশ্লিষ্টরা বলছেন, ট্রাক ভাড়া বাড়লে পণ্য পরিবহনের খরচ বেড়ে যাবে। দাম বাড়বে নিত্যপ্রয়োজনীয় পণ্যের। চাপ পড়বে সীমিত আয়ের মানুষের ওপর।
