বিনোদন ডেস্ক- গাজিপুরের একটি রিসোর্টে তিন বউ নিয়ে দেখা গেলো ‘মমিনুল হুজুর’কে। গাজীপুরের কাপাশিয়ায় এলাকায় শীতলক্ষ্য নদীর কাছাকাছি এই রিসোর্ট। এই মমিনুল হুজুরকে দেখতে এলাকাবাসীরা ছুটে এসেছেন। দেখছেন মমিনুল হুজুরকে। আর মমিনুল হুজুর পরিচালক অ্যাকশন বলার সঙ্গে সঙ্গেই ডায়লগ আউড়াচ্ছেন।
চিত্রটি একটি শুটিংয়ের। নাট্য নির্মাতা অরণ্য আনোয়ারের প্রথম ছবি ‘মা’ এর শুটিংয়ের দৃশ্য এটি। যেখানে মমিনুল হুজুরের চরিত্রে অভিনয় করছেন সাজু খাদেম। গল্পে এলাকার সেখানকার বেশ প্রভাবশালী হুজুর তিনি। ঘরে তিনজন সুন্দরী বউ। বড় বউয়ের বয়স বড়জোড় ৩০, দ্বিতীয় বউয়ের ২৫ আর ছোট বউয়ের বয়স এখনো আঠারো হয়নি।
মমিনুল হুজুর স্বাধীনতাবিরোধী শক্তি। পাকিস্তানি হানাদার বাহিনীর বন্ধু তিনি। তার সহায়তায় পাকসৈন্যরা মুক্তিবাহিনীর উপর ঝাপিয়ে পড়ে। এলাকার তরুণীদের উঠিয়ে নিয়ে আসে ক্যাম্পে। অত্যাচার চালান বাংলাদেশিদের উপর।
মমিনুল হুজুরের তিন বউয়ের চরিত্রে অভিনয় করছেন ফারজানা ছবি, রেবেনা করিম জুঁই এবং লাবন্য।
যুদ্ধকালীন একজন মা ও একটি বাচ্চার গল্পকে কেন্দ্র করে নির্মিত হচ্ছে অরণ্য আনোয়ারের সিনেমা ‘মা’। মায়ের চরিত্রে অভিনয় করবেন পরীমনি। গাজীপুরের কাপাসিয়াতে ইতোমধ্যে পাঁচদিন শুটিং করছেন অরণ্য আনোয়ার। পরের লটে পরীমনির অংশ নেয়ার কথা। বর্তমানে শুটিং করছেন আবুল কালাম আজাদ, সাজু খাদেম, জুঁই করিম, ফারজা ছবি শাহাদৎ হোসেন লাবন্যসহ অনেকেই।
সম্প্রতি শুটিং স্পটে গিয়ে দেখা গেলো, অভিনেতা সাজু খাদেম মমিনুল হুজুরের চরিত্রে অভিনয় করছেন। গায়ে জুব্বা, মাথায় কালো টুপি, মুখে লম্বা দাড়ি, চোখে সুরমা আর পান খাওয়া লাল টকটকে ঠোট। প্রথম দেখায় চেনার উপায় নেই তিনি নাটকের জনপ্রিয় মুখ সাজু খাদেম। যেনো চরিত্রে ডুবে আছেন। তার ভাষ্য, ‘আমি এখন মমিমুল হুজুর। সাজু খাদেম নামটি আপাতত ভুলে গেছি।’
গাজীপুরের কাপাশিয়ার শীতলক্ষ্যা নদীতে চলছিলো শুটিং। সেখানে দুটি নৌকায় মুক্তি বাহিনীর ওপর হামলা করতে যাচ্ছিল পাকিস্তানি আর্মি। তাদের পথ দেখিয়ে নিয়ে যান এই মমিনুল হুজুর- চিত্রায়ণ হয় এমন একটি মুহূর্ত।
শুটিং সেটে গণমাধ্যমকে নিজের চরিত্রের বর্ণনা দিয়ে সাজু খাদেম বলেন, ‘মমিনুল হুজুর মূলত রাজাকার। পাক-বাহিনীর সব অত্যাচারের সাহায্যকারী। এই মমিনুল হুজুরের মুখে যে দাড়ি দেখছেন সেটা কিন্তু নকল না, অরিজিনাল। ছবিটির জন্য দাড়ি রেখেছি, চুল বড় রাখতে হয়েছে, নিয়মিত পান খাচ্ছি। এর বেশি কিছু চরিত্রটি নিয়ে আর বলা যাবে না। শুধু বলবো ঐতিহাসিক পটভূমির ছবি। প্রস্তুতি নিয়েই মমিনুল চরিত্রটি করছি।’
পরিচালক অরণ্য আনোয়ার বললেন, ‘আমার বিশ্বাস এই সিনেমা থেকে দর্শক একটি পরিশুদ্ধ গল্প পাবে। সে চেষ্টাই করছি। আগামী বছরের মাঝামাঝি ‘মা’ মুক্তি দিতে চাই।
