বিনোদন ডেস্ক- অহংকারী বউ নামে একটি নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন স্বনামধন্য নির্মাতা চয়নিকা চৌধুরী ও জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি। এই সিনেমায় সোমবার চুক্তিবদ্ধ হয়েছেন তারা। এ তথ্য নিজেই জানিয়েছেন নির্মাতা চয়নিকা চৌধুরী। এতে মাহির বিপরীতে অভিনয় করবেন চিত্রনায়ক ও প্রযোজক ডি এ তায়েব।
ডি এ তায়েব বলেন, ‘ছবিতে মাহি অভিনয় করবেন বড়লোকের মেয়ের চরিত্রে। তুলনায় গরিব এক ছেলের সঙ্গে বিয়ে হয় তার। কিন্তু বিয়েতে তার সম্মতি ছিল না। বাবার শর্তে বাধ্য হয়ে বিয়েটা করতে হয়। বিয়ের পর থেকেই স্বামীর সঙ্গে খারাপ ব্যবহার করতে থাকে। মানসিক নির্যাতন চালাতে থাকে স্বামীর ওপর। এই রকম একটা গল্প নিয়ে সিনেমা।’
তিনি আরও বলেন, ‘অনেকদিন পর বাংলা সিনেমায় সামাজিক, পারিবারিক গল্প আসতে যাচ্ছে। একটা সময় এ ধরনের সিনেমা খুব নির্মাণ হতো। সময়কে মাথায় রেখে নতুনভাবে গল্প ও চরিত্রগুলো ফিরে আসবে। আশা করছি দর্শক আবার হলে আসবে ছবিটির টানে।’
সিনেমাটিতে হঠাৎ করেই যুক্ত হওয়া উল্লেখ করে চয়নিকা চৌধুরী বলেন, ‘এটা একটা রেডি প্রজেক্ট। তায়েব ভাই অনেক দিন ধরেই বলছিলেন একটা সিনেমার কথা। আমাদের ব্যাটে-বলে মেলে নাই। তাদের স্ক্রিপ্ট, তাদেরই গল্প। গল্প শুনে মনে হয়েছে মাহিয়া মাহি এটার জন্য পারফেক্ট।’
চিত্রনায়ক তায়েবের প্রতি নিজের দায়বদ্ধতার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘তায়েব ভাইয়ের প্রতি আমার একটা দায়বদ্ধতা আছে। উনি অনেক ভালো একটা মানুষ। ওনার প্রতি আমার কৃতজ্ঞতাবোধ আছে। আমি ওনার জন্য কিছু একটা করতে চাই। আমার তো ওনার জন্য করার মতো সুযোগ নাই, কাজ ছাড়া। আমার কাছে যখন অফারটা এসেছে, আমি সানন্দে গ্রহণ করেছি এবং আমি চেষ্টা করব সুন্দর করে গল্পটা বলতে, তায়েব ভাইকে নতুন একটা লুকে আনার চেষ্টা করব।’
আপাতত সিনেমাটির টিম গোছানোর কাজ চলছে উল্লেখ করে চয়নিকা বলেন, ‘সব ঠিক থাকলে ডিসেম্বরের ১৭ তারিখ থেকেই শুরু হবে অহংকারী বউ-এর শুটিং।’
‘বিশ্ব সুন্দরী’ সিনেমা দিয়ে প্রথম চলচ্চিত্র নির্মাণে নাম লেখান চার শতাধিক নাটকের পরিচালক চয়নিকা চৌধুরী। সিয়াম-পরী জুটির ছবিটি বেশ প্রশংসা এনে দিয়েছে চয়নিকাকে। ‘অহংকারী বউ’ হতে যাচ্ছে তার দ্বিতীয় সিনেমা।
এদিকে ওয়েব ফিল্ম ‘অন্তরালে’র শুটিং জানুয়ারিতে শুরু করবেন বলে নিশ্চিত করলেন চয়নিকা চৌধুরী।





